সংসদে বিএনপির সমালোচনা প্রাধান্য পাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ব্র্যাক সেন্টারে গতকাল সংবাদ সম্মেলনে বক্তব্য দেন টিআইবির ট্রাস্টি বোর্ডের সভাপতি সুলতানা কামাল। পাশে সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান l প্রথম আলো
রাজধানীর ব্র্যাক সেন্টারে গতকাল সংবাদ সম্মেলনে বক্তব্য দেন টিআইবির ট্রাস্টি বোর্ডের সভাপতি সুলতানা কামাল। পাশে সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান l প্রথম আলো

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক প্রতিবেদনে বলা হয়েছে, দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সরকারি ও বিরোধী দলের আলোচনায় নবম সংসদের বিরোধী দল বিএনপির সমালোচনা প্রাধান্য পেয়েছে। অধিবেশনে সবচেয়ে কম সময় ব্যয় হয়েছে আইন প্রণয়নে, যাতে ৬৯ জন নারী সাংসদের অংশগ্রহণ ছিল না।
‘পার্লামেন্টওয়াচ, দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন’ শীর্ষক এই প্রতিবেদন গতকাল সোমবার রাজধানীর ব্র্যাক সেন্টারে প্রকাশ করা হয়। প্রতিবেদনের তথ্য সংগ্রহ করা হয়েছে বেতারে সম্প্রচারিত সংসদ অধিবেশনের কার্যক্রম, বুলেটিন, গেজেট, সংবাদপত্র ও বই থেকে।
প্রতিবেদনে বলা হয়, অধিবেশনে ৩৬ কার্যদিবসে ব্যয় হয়েছে ১১৩ ঘণ্টা ৫১ মিনিট। এর ৫২ শতাংশ ব্যয় হয়েছে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায়। আইন প্রণয়নে ব্যয় এক ঘণ্টা ৪১ মিনিট, যা মোট সময়ের ১ দশমিক ৮ শতাংশ। অধিবেশনে দুটি বিল পাসে সময় লেগেছে ছয় মিনিট করে। ভারতের ১৫তম লোকসভার প্রথম অধিবেশনে আইন প্রণয়নে ব্যয় হয়েছে ৮ শতাংশ সময়।
রাষ্ট্রপতির ভাষণের ওপর ২২৮ জন মোট ৫৯ ঘণ্টা ৩০ মিনিট আলোচনা করেন। আলোচনায় সরকারি ও বিরোধী দলের সদস্যরা ৫৩১ বার নবম সংসদের বিরোধী দলের সমালোচনা করেছেন। সংসদ নেতার (প্রধানমন্ত্রী) বক্তব্যেও নবম সংসদের বিরোধী দলের নেতা-কর্মীদের সমালোচনা করা হয়েছে। সদস্যরা নিজ দলের প্রশংসা করে উল্লেখযোগ্য সময় ব্যয় করেছেন।
প্রতিবেদনে বলা হয়, কোরাম-সংকটে কেটেছে ১৭ ঘণ্টা ৭ মিনিট। সংসদ পরিচালনায় বরাদ্দের হিসাব অনুযায়ী এই সময়ের আর্থিক দাম আট কোটি এক লাখ ছয় হাজার টাকা। বিগত সরকারের কয়েকজন মন্ত্রীকে একই মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি করায় কমিটিতে তাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠলে তদন্তের ক্ষেত্রে প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়েছে।
সুপারিশ: প্রতিবেদনে সংসদে বিরোধী দলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। এ ছাড়া আন্তর্জাতিক চুক্তিসমূহ সংসদে আলোচনা করা, অধিবেশনে সর্বোচ্চ উপস্থিতির জন্য প্রথম ১০ জনকে স্বীকৃতি দেওয়া এবং সর্বনিম্ন উপস্থিত থাকা ১০ জনের নাম প্রকাশ করা, সরকারের প্রতি অনাস্থা ও বাজেট অনুমোদন ছাড়া অন্যান্য বিষয়ে দলের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ রেখে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন ইত্যাদি সুপারিশ করা হয়।
অনুষ্ঠানে টিআইবির ট্রাস্টি বোর্ডের সভাপতি সুলতানা কামাল বলেন, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সরকারি দলের সাংসদেরা দলের প্রশংসা করে সিংহভাগ সময় ব্যয় করেন, যে কারণে জনস্বার্থসংশ্লিষ্ট আলোচনা হয় না।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সংসদে বিরোধী দল সরকারের অংশ হয়ে গেছে। যে কারণে তারা আত্মপরিচয়ের সংকটে ভুগছে।