সংসদে বিএনপির সমালোচনা প্রাধান্য পাচ্ছে: টিআইবি

দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সরকারি ও বিরোধী দলের আলোচনায় নবম সংসদের বিরোধী দল তথা বিএনপির সমালোচনা বেশি প্রাধান্য পেয়েছে। অধিবেশনে সবচেয়ে কম সময় ব্যয় হয়েছে আইন প্রণয়নে। এ ক্ষেত্রে ৬৯ জন নারী সাংসদের কারোরই অংশগ্রহণ ছিল না।
আজ সোমবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত ‘পার্লামেন্টওয়াচ, দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন’ প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। রাজধানীর ব্র্যাক সেন্টারে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদন তথ্য সংগ্রহ করা হয়েছে রেডিওতে সংসদ অধিবেশনের সরাসরি সম্প্রচারিত কার্যক্রম, প্রকাশিত বুলেটিন, সরকারি গেজেট, সংবাদপত্রে প্রকাশিত তথ্য ও বই থেকে।
অধিবেশনে মোট কার্যদিবস ছিল ৩৬টি। এতে ব্যয় হয়েছে ১১৩ ঘণ্টা ৫১ মিনিট। প্রতিদিন গড়ে বৈঠক হয়েছে তিন ঘণ্টা নয় মিনিট করে। এর মধ্যে ৫২ শতাংশ সময় ব্যয় হয়েছে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায়।
আইন প্রণয়নে ব্যয় হয়েছে মাত্র এক ঘণ্টা ৪১ মিনিট। যা মোট সময়ের ১ দশমিক ৮ শতাংশ। অধিবেশনে পাস হয়েছে মোট দুটি বিল। দুটি বিল পাস হতে সময় লেগেছে ছয় মিনিট করে। এতে অংশ নেন মাত্র আটজন।
রাষ্ট্রপতির ভাষণের ওপর ২২৮ জন সাংসদ মোট ৫৯ ঘণ্টা ৩০ মিনিট আলোচনা করেন। সরকারি ও বিরোধী দলের এ আলোচনায় নবম সংসদের বিরোধী দলের সমালোচনা প্রাধান্য পেয়েছে। সরকারি ও বিরোধী দলের সদস্যরা মোট ৫৩১ বার নবম সংসদের বিরোধী দলের সমালোচনা করেছেন। সংসদ নেতার (প্রধানমন্ত্রী) বক্তব্যেও নবম সংসদের বিরোধী দলের নেতা-কর্মীদের সমালোচনা করা হয়েছে। অসংসদীয় আচরণ ও অশালীন ভাষার ব্যবহার বন্ধে স্পিকার কোনো রুলিং দেননি। সদস্যরা নিজ দলের প্রশংসা করে উল্লেখযোগ্য সময় ব্যয় করেছেন।
কোরাম-সংকটে কেটেছে ১৭ ঘণ্টা ৭ মিনিট, প্রতিদিন গড়ে ২৮ মিনিট। সংসদ পরিচালনার জন্য বরাদ্দ করা বাজেটে হিসেবে প্রতি মিনিটে গড়ে ৭৮ হাজার টাকা ব্যয় হয়। এই হিসাবে কোরাম-সংকটে ব্যয় হওয়া সময়ের আর্থিক দাম আট কোটি এক লাখ ছয় হাজার টাকা।
প্রথম অধিবেশনে সবগুলো সংসদীয় কমিটি গঠন হলেও এবার বিরোধী দলের সদস্যদের কোনো কমিটির সভাপতি করা হয়নি। নবম সংসদের মন্ত্রীদের কয়েকজনকে একই মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে। এতে কমিটিতে সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ উত্থাপিত হলে তদন্তের ক্ষেত্রে তাঁদের প্রভাব বিস্তার করার সুযোগ তৈরি হয়েছে।
সুপারিশ: টিআইবির প্রতিবেদনে সংসদে বিরোধী দলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। এ ছাড়া আন্তর্জাতিক চুক্তিগুলো সংসদে আলোচনা করা, অধিবেশনের কার্যদিবস বছরে কমপক্ষে ১৩০ দিন করা, প্রতি কার্যদিবসের সময় কমপক্ষে ছয় ঘণ্টা করা, অধিবেশনে সর্বোচ্চ উপস্থিতির জন্য প্রথম ১০ জনকে স্বীকৃতি দেওয়া এবং সর্বনিম্ন ১০ জনের নাম প্রকাশ করা, সংবিধান সংশোধন; সরকারের প্রতি অনাস্থা এবং বাজেট অনুমোদন ছাড়া অন্যান্য বিষয়ে দলের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ রেখে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করা, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন করা ইত্যাদি সুপারিশ করা হয়।
অনুষ্ঠানে টিআইবির ট্রাস্টি বোর্ডের সভাপতি সুলতানা কামাল বলেন, স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় নজরদারির জন্য এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বর্তমান সংসদে আইনজীবীর সংখ্যা ১৩ শতাংশ এবং ব্যবসায়ী প্রায় ৫৯ শতাংশ। ব্যবসায়ী বেশি হওয়ায় তাদের স্বার্থ অনুযায়ী আইন প্রণয়ন হয়ে থাকে। সরকারি দলের সাংসদেরা দলের প্রশংসা করে বেশির ভাগ সময় ব্যয় করেন। যে কারণে জনস্বার্থ সংশ্লিষ্ট আলোচনা হয় না।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বর্তমান সংসদে বিরোধী দল সরকারের অংশ হয়ে গেছে। যে কারণে তারা আত্মপরিচয় সংকটে ভুগছে। বিরোধী দল সংসদ বর্জন না করলেও তারা প্রত্যাশিত ভূমিকা রাখেনি।