জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেছেন, ‘আগামী বুধ অথবা বৃহস্পতিবার বিরোধী দল সংসদে আসবে বলে আশা করছি। তাদের সাদর সম্ভাষণ জানানোর অপেক্ষায় আছি।’ গতকাল সোমবার রাতে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আইনজীবীদের নৈশভোজে বক্তৃতায় তিনি এ কথা বলেন। স্পিকার আরও বলেন, ‘বিরোধী দল সংসদে যোগদান করলে তা হবে দেশের রাজনীতিতে ইতিবাচক দিক। এর ফলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে।’ বিভিন্ন গণমাধ্যমের উদ্দেশে আবদুল হামিদ বলেন, ‘সংবাদ এমনভাবে পরিবেশন করা উচিত, যাতে বস্তুনিষ্ঠতা বজায় থাকে। এতে কার পক্ষে-বিপক্ষে গেল, সেটা বড় কথা নয়। দেশের স্বার্থের জন্য, দেশের কল্যাণের জন্য সংবাদমাধ্যম কাজ করে যাবে।’নৈশভোজে উপস্থিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘দেশজুড়ে সুষম উন্নয়নের ধারাবাহিকতায় কিশোরগঞ্জেও উন্নয়ন করা হবে।’ নৈশভোজে জেলা জজসহ অন্যান্য বিচারক, জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী ও পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।