জাতীয় সংসদে গতকাল সোমবার প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন উত্থাপনের জন্য প্রথম থেকে ষষ্ঠ প্রশ্নকর্তার নাম একে একে ডাকলেন ডেপুটি স্পিকার শওকত আলী। কিন্তু ওই ছয়জনই অধিবেশনকক্ষে এ সময় অনুপস্থিত ছিলেন। ফলে তাঁদের প্রশ্ন আর উত্থাপিত হয়নি। এরপর তিনি একজন প্রশ্নকর্তাকে পেলেও পরের ১২ জন ছিলেন অনুপস্থিত।গতকাল অধিবেশনে অনুপস্থিতির চিত্র ছিল এমনই। এমনকি কোরাম পূরণ না হওয়ায় অধিবেশন শুরু হতেও প্রায় ২০ মিনিট দেরি হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আগে আসা সদস্যদের কোরাম পূরণের জন্য অপেক্ষা করতে হয়।গতকাল অধিবেশন শুরু হওয়ার নির্ধারিত সময় ছিল বিকেল সাড়ে চারটা। এ সময় পর্যন্ত অধিবেশনকক্ষে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৯ জন। কয়েকবার ঘণ্টা বাজিয়ে প্রায় ২০ মিনিট পর অধিবেশন যখন শুরু হয় তখন উপস্থিত ছিলেন ৬৫ জন। এ সময় সামনের সারিতে শেখ হাসিনা ছাড়াও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন। দ্বিতীয় সারিতে চিফ হুইপ আবদুস শহীদ ছাড়া উল্লেখযোগ্য কাউকে দেখা যায়নি। তবে সন্ধ্যার দিকে উপস্থিতি কিছু বাড়তে থাকে।মাগরিবের নামাজের ২০ মিনিটের বিরতির পর অধিবেশন শুরু করতে আবার কোরামের অভাব দেখা দেয়। তিন দফা ঘণ্টা বাজিয়ে প্রায় ৪০ মিনিট পর অধিবেশন শুরু হয়। সরকারি দলের সাংসদদের অনুপস্থিতি বৃদ্ধি সম্পর্ক্রেজানতে চাইলে আবদুস শহীদ প্রথম আলোকে বলেন, সাংসদদের সময়মতো এসে তাঁদের কাজে অংশ নেওয়া কর্তব্য। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে গেছে।গতকাল ডেপুটি স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর পর্বে বোঝা যায় সাংসদদের অনুপস্থিতির চিত্র। প্রথম প্রশ্নকর্তা ছিলেন খুলনা-৫ আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ নারায়ন চন্দ্র চন্দ। দ্বিতীয় প্রশ্নকর্তা ছিলেন স্বতন্ত্র ফজলুল আজিম, তৃতীয় প্রশ্নকর্তা আওয়ামী লীগের ফরিদা আখতার, চতুর্থ বিএনপির নজরুল ইসলাম মঞ্জু, পঞ্চম একই দলের মাহাবুব উদ্দিন, ষষ্ঠ আওয়ামী লীগের তালুকদার মো. ইউনুস। ডেপুটি স্পিকার প্রশ্ন উত্থাপনের জন্য একে একে তাঁদের নাম ডাকলেও সাড়া পাননি। সপ্তম প্রশ্নকর্তা সরকারি দলের মুরাদ হাসানের নাম ডেকে সাড়া পান শওকত আলী। কিন্তু এরপর তিনি একে একে প্রশ্ন নম্বর ১০১৪ থেকে ১০২৫ পর্যন্ত ১২ জন প্রশ্নকর্তার নাম ডাকলেন। কিন্তু তাঁরা সবাই ছিলেন অনুপস্থিত। এই ১২ জনের মধ্যে আওয়ামী লীগের সাতজন, মহাজোটভুক্ত জাসদের একজন এবং বাকি চারজন বিএনপির। সরকারি দলের অনুপস্থিত সাংসদেরা হলেন মকবুল হোসেন, মঞ্জুর কাদের কোরাইশী, বেনজির আহমদ, মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়া, ইমাজউদ্দিন প্রামাণিক, কামাল আহমেদ মজুমদার এবং এ কে এম রহমতুল্লাহ।প্রশ্নকর্তাদের এই অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার পরবর্তী প্রশ্ন উত্থাপনের আহ্বান জানান। এরপর ১০২৬ নম্বর প্রশ্নকর্তা জাতীয় পার্টির্রএম এ জব্বার তাঁর প্রশ্ন উত্থাপন করেন। এরপর আবার শুরু হয় অনুপস্থিতির পালা। এ সময় হুইপ আ স ম ফিরোজ ফ্লোর নিয়ে বলেন, অনেক সাংসদ অনুপস্থিত থাকলেও এতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তাই উপস্থিত সাংসদেরা অনুপস্থিতদের পক্ষে প্রশ্ন করতে পারেন।ডেপুটি স্পিকার বলেন, উপস্থিতদের সুযোগ বাড়ানোর জন্য অনুপস্থিতদের প্রশ্ন না তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এতে করে যাঁরা সংসদে উপস্থিত থাকবেন তাঁরা বেশি সুযোগ পাবেন। সংসদকক্ষে উপস্থিত প্রধানমন্ত্রী এ সময় চিফ হুইপ আবদুস শহীদকে ডেকে এ বিষয়ে কথা বলেন। চিফ হুইপ পরে প্রথম আলোকে জানান, প্রধানমন্ত্রী সাংসদদের অনুপস্থিতদের বিষয়ে জানতে চেয়েছেন। গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থাকলে তা উপস্থিত কোনো সাংসদকে দিয়ে উত্থাপনের পরামর্শও দেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর চিফ হুইপ বিষয়টি ডেপুটি স্পিকারকে অবহিত করলে ১০২৯ নম্বর প্রশ্ন থেকে অনুপস্থিত সাংসদদের পক্ষে আরেকজনকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়। সরকারি দলের অনুপস্থিত সদস্য শফিকুল আজমের পক্ষে গোলাম ফারুখ খন্দকার ওই প্রশ্ন উত্থাপন করেন।