জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেছেন, ‘সংসদে ভালো কথার চেয়ে খারাপ কথাই বেশি হয়। এ ক্ষেত্রে আমাকে বাধ্য হয়ে মাইক বন্ধ করে দিতে হয়।’গতকাল বুধবার কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চামড়া বন্দরে নৌ-অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এ কথা বলেন।আবদুল হামিদ বলেন, সংসদের দুর্নীতি ৬০ শতাংশ রোধ করা গেলেও শতভাগ করা সম্ভব হয়নি। কারণ, বাঙালি যেখানেই সুযোগ পায়, সেখানেই চুরি ও দুর্নীতি করতে চায়। তাই দুর্নীতি রোধ করা খুবই কঠিন।কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মুজিবুল হক ও অপু উকিল।আলোচনা সভা শেষে স্পিকার নৌ-অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন করেন। বেসরকারি সংস্থা মেরী স্টোপসের উদ্যোগে চালু হওয়া নৌ-অ্যাম্বুলেন্স হাওর এলাকার গরিব ও দুস্থ রোগীদের দ্রুত পরিবহনে কাজ করবে। বিশেষ করে, গর্ভবতী নারীদের পরিবহনের ক্ষেত্রে বিনা ভাড়ায় সেবা দেবে।পরে স্পিকার উত্তর গণেশপুর হাওরে ভাসমান শাকসবজির বাগান পরিদর্শন করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জেলায় প্রথম করিমগঞ্জ উপজেলার উত্তর গণেশপুর হাওরে ভাসমান সবজি চাষ করা হয়েছে।