সংসদে মন্ত্রীদের জবাবদিহি নিয়ে সাংসদের প্রশ্ন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রশ্নের জবাব স্থানান্তর করায় জাতীয় সংসদে মন্ত্রীদের জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলেছেন সরকারি দলের সাংসদ ও সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।
এ বিষয়ে মঙ্গলবার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় আবুল কালাম আজাদ ক্ষোভ প্রকাশ করেন এবং স্পিকারের রুলিং দাবি করেন। জবাবে স্পিকার বলেন, তিনি বিষয়টি দেখবেন।
এর আগে বিকেল পৌনে পাঁচটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
এ পর্যায়ে আবুল কালাম আজাদ ফ্লোর নিয়ে স্পিকারের উদ্দেশে বলেন, ‘দেশের মানুষকে তথ্য দেওয়ার জন্য আমরা তথ্য অধিকার আইন করেছি। জনগণ এখন তথ্য পায়। কিন্তু সংসদে আমরা তারকা চিহ্নিত প্রশ্ন (মৌখিক উত্তর দেওয়ার জন্য) করে তার জবাব পাই না। পরপর তিন অধিবেশনে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন করেছি। তিনি আমার পাশেই বসে আছেন। তিনি প্রশ্নের জবাব পরবর্তী দিনের জন্য স্থানান্তরিত করেছেন। আমরা জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। কিন্তু এক প্রশ্ন কত দিন স্থানান্তরিত হবে? এভাবে চললে সংসদের জবাবদিহিতা নিশ্চিত হবে কীভাবে?’ আজ সাংসদদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য পরিকল্পনা, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর নির্ধারিত দিন ছিল। হিসাব করে দেখা গেছে, আজ তাঁরা তারকা চিহ্নিত ১৮টি ও ৯টি লিখিত প্রশ্নের জবাব স্থানান্তর করেছেন। জবাব দেওয়ার ৮৮টি তারকা ও লিখিত ৪১টি প্রশ্ন নির্ধারিত ছিল।
নবম জাতীয় সংসদেও সবচেয়ে বেশি প্রশ্ন স্থানান্তর করেছিলেন স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী। বেশির ভাগ প্রশ্ন ছিল হত্যা, গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি হত্যা-বিষয়ক। সরকারের জন্য বিব্রতকর এমন প্রশ্নের জবাব কম-বেশি সব মন্ত্রীই এড়িয়ে গেছেন।
কন্যাশিশু ২ কোটি ৭৫ লাখ: দেশে বর্তমানে কন্যাশিশুর সংখ্যা (০-১৭ বছর) ২ কোটি ৭৫ লাখ ৫৮ হাজার ৪৩৬ জন বলে সংসদকে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সরকারি দলের লুৎফা তাহেরের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তথ্য অনুযায়ী ঢাকা বিভাগে কন্যাশিশুর সংখ্যা সব থেকে বেশি। এ বিভাগে কন্যাশিশু ৮৭ লাখ ২৬ হাজার ৫১৯ জন। সবচেয়ে কম ১৬ লাখ ৬৪ হাজার ৩১৯ জন বরিশালে।
সরকারি দলের ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে স্বাধীনতাবিরোধীদের অব্যাহত বিভ্রান্তিকর প্রচারে প্রভাবিত হয়ে কতিপয় আন্তর্জাতিক সংগঠন নানা সময়ে পক্ষপাতদুষ্ট ও একপাক্ষিক বিবৃতি দিয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে বিভিন্ন সময়ে অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অপপ্রচারের সমুচিত জবাব দিয়ে আসছে।