সংসদে যোগ দিতে চান কারাবন্দী সাকা স্পিকারকে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাবন্দী বিএনপির সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী জাতীয় সংসদের চলতি অধিবেশনে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আইনজীবী ফখরুল ইসলামের মাধ্যমে তিনি লিখিতভাবে স্পিকার আবদুল হামিদের কাছে এ আগ্রহের কথা জানান।আইনজীবী ফখরুল ইসলাম গত বৃহস্পতিবার সন্ধ্যায় সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে সঙ্গে নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এ সংক্রান্ত চিঠিটি দেন। এ ব্যাপারে জানতে চাইলে সাকা চৌধুরীর ভাই গিয়াস উদ্দীন কাদের চৌধুরী প্রথম আলোকে বলেন, তিনি (সাকা চৌধুরী) সংসদের এ অধিবেশনে যোগ দিতে চান। স্পিকারের অনুমতি পেলে আগামী ১ ফেব্রুয়ারি তিনি সংসদ অধিবেশনে যোগ দেবেন। কারাগারের বিধান অনুসারে এ ব্যাপারে আইনগত উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। প্রসঙ্গত, নবম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন ২৫ জানুয়ারি শুরু হয়েছে। বিরোধী দল বিএনপি টানা গত তিনটি অধিবেশন বর্জন করে চলছে। দলটি সংসদের এ অধিবেশনে যোগ দেবে কি না, তা নিশ্চিত করে বিএনপির নেতারা এখনো কিছু বলেননি।