সংসদে যোগ দিতে চেয়ে সাকা চৌধুরীর জামিনের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপিদলীয় সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী জাতীয় সংসদের চলতি বাজেট অধিবেশনে যোগ দিতে চান উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জামিনের আবেদন করেছেন। গতকাল বুধবার তিনি এ আবেদন করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল এ বিষয়ে আদেশের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেন।বাজেট অধিবেশন শুরু হয়েছে ২৭ মে। তবে গতকাল পর্যন্ত বিএনপি সংসদ অধিবেশনে যোগ দেয়নি।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ সাকা চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজ চলছে। গতকাল আসামির কাঠগড়ায় সাকা চৌধুরীর উপস্থিতিতে জামিনের আবেদন উপস্থাপন করেন তাঁর আইনজীবী ফখরুল ইসলাম। আবেদনে বলা হয়, নবম জাতীয় সংসদের ১৩তম (বাজেট) অধিবেশনে যোগদানের জন্য রাষ্ট্রপতির চিঠি গাজীপুর কারাগারে আটক সালাউদ্দিন কাদের চৌধুরী পেয়েছেন ২৫ মে। রাষ্ট্রপতির আদেশ মেনে তিনি সংসদ অধিবেশনে যোগ দিতে জামিন চান। ১৯৯৬ সালের ২৩ জুন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দণ্ডপ্রাপ্ত হওয়ার পরও সংসদ অধিবেশনে যোগ দিতে পেরেছিলেন। এ ছাড়া গাড়ি পোড়ানোর মামলায় সম্প্রতি কারাবন্দী পাঁচ নেতা সাংসদ হওয়ায় জামিন পেয়েছেন।আবেদন উপস্থাপন শেষে আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক জামিনের পক্ষে যুক্তি দিয়ে বলেন, আসামিকে জামিন দিলে ট্রাইব্যুনালের কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটবে না। সংসদ অধিবেশনে যোগ দিতে তিনি মামলার কার্যক্রম মুলতবি চান না। যদি জামিন দেওয়া না-ও হয়, তবে অধিবেশনে যোগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ট্রাইব্যুনাল আদেশ দিতে পারেন। তিনি জামিনের অপব্যবহার করবেন না। বিচারকাজে সমস্যা হয় এমন কোনো কাজ তিনি করবেন না।জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ আল মালুম বলেন, একজন সাংসদ দেশে-বিদেশে যেখানেই থাকুন না কেন, তিনি সংসদ অধিবেশনে যোগ দেওয়ার সমন পাবেন। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এ জামিনের কোনো বিধান নেই। ফলে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি হওয়ায় এবং অভিযোগের মাত্রা বিবেচনায় তাঁকে জামিন দেওয়ার কোনো সুযোগ নেই। পাঁচ নেতার জামিনের আদেশে কোথাও বলা হয়নি যে সাংসদ হওয়ায় তাঁরা জামিন পেয়েছেন। এ ছাড়া আসামি বিএনপিদলীয় সাংসদ। যেখানে তাঁর দলই সংসদে যোগ দেয়নি, সেখানে এ ধরনের আবেদন করা ট্রাইব্যুনালের সময় নষ্ট করা ছাড়া আর কিছু নয়।পাল্টা যুক্তি দিয়ে আহসানুল হক বলেন, ‘বিএনপি সংসদে না গেলেও উনি সংসদে যাবেন, আমি শিওর।’ আবেদনে এ বিষয়টি আছে। শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশের জন্য দিন ধার্য করেন।