সংসদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিল পাসে শাহজাদপুরে আনন্দ মিছিল
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার বিল গত রোববার রাতে জাতীয় সংসদে পাস হওয়ায় শাহজাদপুরের সর্বস্তরের জনতার মধ্যে এখন আনন্দের বন্যা বইছে। গতকাল সোমবার সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করা হয়েছে।
গত রোববার রাত নয়টার দিকে সংসদে বিলটি সর্বসম্মতিক্রমে পাস হয়। এ খবর শাহজাদপুরে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসে উল্লাস প্রকাশ করে। রাতেই খণ্ড খণ্ড আনন্দ শোভাযাত্রা বের হয়।
পরে গতকাল এই আনন্দের অংশ হিসেবে রংধনু কিন্ডারগার্টেন অ্যান্ড মডেল হাইস্কুল এবং ফকরুল মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুল শাহজাদপুরের রাজপথে পৃথকভাবে দুটি আনন্দ মিছিল বের করে। মিছিলে উপজেলা প্রশাসন, পেশাজীবী সংগঠনের নেতারাসহ সর্বস্তরের লোকজন অংশ নেয়। আনন্দ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। সেখানে সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আহমেদ বলেন, বিলটি পাস হওয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথে আর কোনো বাধা থাকল না। আগামী সেশন থেকেই এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।