গণতন্ত্রকে ফলপ্রসূ করতে শক্তিশালী বিরোধী দলের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে আরও সুসংহত করতে তিনি সংসদে শক্তিশালী বিরোধী দল দেখতে চান। তিনি বলেন, বাংলাদেশে ভোট দেওয়ার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে সরকার ইলেকট্রনিক ভোটিং সিস্টেম চালুর পরিকল্পনা করছে। খবর বাসসের।বাংলাদেশে জাতিসংঘের বিদায়ী আবাসিক সমন্বয়কারী ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেসালিয়েন গতকাল মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদায়ী সাক্ষাত্ করতে গেলে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকালে তাঁরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ও সংসদীয় গণতন্ত্র জোরদারে বাংলাদেশকে ইউএনডিপির সহায়তা নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। গত সাধারণ নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে ভবিষ্যতে আধুনিক প্রযুক্তি চালুর বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। উন্নয়নের স্বার্থে নিরবচ্ছিন্ন গণতন্ত্রের ওপর গুরুত্ব আরোপ করে শেখ হাসিনা বলেন, দেশে সংসদীয় গণতন্ত্র জোরদার করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সরকার ইতিমধ্যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করেছে। তিনি বলেন, জাতীয় সংসদে সাতটি সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান বিরোধী দল থেকে করা হয়েছে, যাতে সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করার প্রক্রিয়ায় তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।প্রধানমন্ত্রী বলেন, এ ছাড়া সরকার সংসদে বিরোধী সদস্যদের সুযোগ তৈরি করে দিয়েছে, যেন তাঁরা জাতীয় সংসদে তাঁদের যথাযথ দায়িত্ব পালন করতে পারেন। রেনেটা বাংলাদেশে তাঁর দায়িত্ব পালনকালে সহায়তা দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের উন্নয়ন ধারায় ইউএনডিপির সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।ডেনিশ মন্ত্রীর সাক্ষাত্: ডেনমার্ক বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বিদ্যুৎ, জ্বালানি ও জাহাজ নির্মাণশিল্প এবং ব্যবসা-বাণিজ্য খাতে আরও সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে। সফররত ডেনিশ উন্নয়ন ও সহযোগিতাবিষয়ক মন্ত্রী সোরেন পিনড গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এই আশ্বাস দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, বৈঠকে তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্ক, বাংলাদেশের বেসরকারি খাতে ডেনমার্কের বিনিয়োগ এবং দুই দেশের মধ্যে ব্যবসা ও বাণিজ্য সম্প্রসারণের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।