সংসদে সমালোচনার মুখে যোগাযোগমন্ত্রী
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন জাতীয় সংসদে গতকাল রোববার সমালোচনার মুখে পড়েন। ৭১ বিধিতে সরকারি দলের শামসুর রহমান বলেন, যোগাযোগমন্ত্রী সব সময় সরকারকে ‘অ্যাকিউজ’ (দায়ী) করে কথা বলেন।নিজের উত্থাপিত জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ সম্পর্কে সংসদের দৃষ্টি আকর্ষণ করে শামসুর রহমান বলেন, ‘যোগাযোগমন্ত্রী আশ্বাস দেন, কিন্তু তাতে কাজ হয় না। ঈশ্বরদীর মুলাডুলিতে আমি একটি গোলচত্বর তৈরি করে দেওয়ার অনুরোধ জানিয়েছিলাম। তিনি আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আজও কাজ হয়নি। তাঁর কাছে কিছু চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া তিনি কোনো কাজ করেন না। অর্থমন্ত্রী টাকা দেন না বলে তিনি কাজ করতে পারেন না। প্রকারান্তরে তিনি সব সময় সরকারকে অ্যাকিউজ করে কথা বলেন।’শামসুর রহমান মুলাডুলিতে অন্তত একটি আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি দেওয়ার নোটিশ দেন। জবাবে যোগাযোগমন্ত্রী জানান, মুলাডুলিতে এ মুহূর্তে একটি ট্রেনেরও যাত্রা বিরতি দেওয়া সম্ভব নয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রহমত আলী বলেন, যোগাযোগমন্ত্রী চমৎকার উত্তর দেন, কিন্তু কাজ শুরু হয় না।আলোচনা শেষে সংসদের অধিবেশ আজ সোমবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়।