জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় সংসদে সময় পার হয় ব্যক্তিগত আক্রোশ ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে। তাতে লজ্জায় মাথা নিচু হয়ে যায়। জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে সেখানে কোনো কথা হয় না। এমন সংসদ জনগণ চায় না।গতকাল মঙ্গলবার সকালে বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসায় নিজের ৮৩তম জন্মদিনের অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এরশাদ এ কথা বলেন। আরেক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘মহাজোটে এখনো আছি, কিন্তু নির্বাচন করব এককভাবে। আমরা প্রস্তুতি নিচ্ছি।’সকাল নয়টায় এরশাদ প্রায় ২৫ পাউন্ড ওজনের একটি কেক কাটেন। এ সময় দলের জ্যেষ্ঠ নেতা-কর্মীরা এরশাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দুপুরে বনানীর কার্যালয়ে নেতা-কর্মীরা বেশ কয়েকটি কেক এনে কাটেন। কয়েকজন কর্মী কেক কাটা ও শুভেচ্ছা জানানো নিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। অবস্থা দেখে এরশাদ অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। দুপুরে বনানীর রাজউক মাঠে জাপার ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে ছিন্নমূল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন এরশাদ। রাতে দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার পার্টির চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে রাজধানীর একটি হোটেলে সংবর্ধনার আয়োজন করেন। এরশাদ ১৯৩০ সালের ২০ মার্চ জন্মগ্রহণ করেন।