সংসদে সরকারি বিরোধীদলের মধ্যে বিরল ঐকমত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবটি জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যের। মূল সমর্থন বিরোধী দলের উপনেতার। এর পরেই সমর্থন দুই স্বতন্ত্র সাংসদের।
বিরল এই ঐকমত্য দেখা গেল গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে। সংসদের অধিবেশন শুরু হওয়ার পরই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সদস্য কাজী ফিরোজ রশীদ নির্মিতব্য পদ্মা সেতু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের নামে করার দাবি জানান।
ফিরোজ রশীদ বলেন, সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদ্মা সেতুর নির্মাণকাজের সূচনা হতে যাচ্ছে। এর একটি নাম থাকতে হবে। তিনি বলেন, ‘আমি এমন এক মহীয়সী নারীর কথা বলব, যিনি পর্দার আড়ালে থেকে সারা জীবন বাংলাদেশের স্বাধিকার থেকে স্বাধীনতা—প্রতিটি আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছেন। জাতির জনকের পাশে থেকে অনুপ্রেরণা জুগিয়েছেন। তিনি যখন কারাগারে ছিলেন, তখন সংসারের মতোই আওয়ামী লীগকেও ধরে রেখেছেন। আমি বেগম ফজিলাতুন্নেসা মুজিবের নামে পদ্মা সেতুর নামকরণের প্রস্তাব করছি।’
এর পর সংসদ উপনেতা সাজেদা চৌধুরী প্রস্তাবকে সমর্থন দিয়ে বলেন, ‘এই চিন্তাটি আমি করে রেখেছিলাম। সবার মনের মধ্যে যখন এটি এসেছে, তাই তাঁর আত্মার প্রতি শ্রদ্ধা রেখে ভাবি ফজিলাতুন্নেসা মুজিবের নামে পদ্মা সেতুর নাম করা হোক।’
এরপর স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজি ও হাজি সেলিম পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ প্রস্তাব সমর্থন করেন।