কক্সবাজারের রামুসহ বিভিন্ন স্থানে বৌদ্ধপল্লিতে হামলার ঘটনায় সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করে সর্বসম্মত নিন্দা প্রস্তাব গ্রহণ করতে সরকারি ও বিরোধী দলের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শান্তি পরিষদের নেতারা। গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন ও সদস্য সাংবাদিক আবেদ খান। মোজাফফর হোসেন বলেন, ‘রামুর ঘটনায় প্রশাসনের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখা দরকার। ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’ সাংবাদিক আবেদ খান বলেন, ‘জাতীয় সংকটপূর্ণ মুহূর্তে আমাদের রাজনৈতিক দলগুলোর উচিত পারস্পরিক দোষারোপের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা। জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক। সরকার ও বিরোধী দল সবাই বিভেদ ভুলে সংসদে এসে আলোচনা করুক। সর্বসম্মত সিদ্ধান্ত নিয়ে নিন্দা প্রস্তাব গ্রহণ করা হোক।’