সংসদে সাংবাদিকদের বিরুদ্ধে বিষোদগারে বিএফইউজের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে সম্প্রতি সংবাদমাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে অযাচিত ও অনভিপ্রেত বিষোদগার করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও এর অন্তর্ভুক্ত ইউনিয়নগুলোর নেতারা। সম্প্রতি এক যুক্ত বিবৃতিতে ইউনিয়ন নেতারা এই উদ্বেগ প্রকাশ এবং ওই ঘটনার প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, জাতীয় সংসদ ও সাংবাদিক সমাজের মুখোমুখি অবস্থান গণতন্ত্রের বিকাশকে ব্যাহত এবং দেশে অসাংবিধানিক শক্তির উত্থানের পথকে সুগম করবে। গণতন্ত্রের অব্যাহত যাত্রায় নির্বাচিত সাংসদদের মর্যাদা সমুন্নত রাখা অপরিহার্য। বিবৃতিতে বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, মহাসচিব আলতাফ মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহ আলমগীর, সাধারণ সম্পাদক আবু জাফর, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল আলম, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ আবু হাসান, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হাওলাদার, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আকবারুল হাসান, সাধারণ সম্পাদক শিবলি নোমানসহ সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন জেলার নেতারা সই করেন।