সংসদে স্থানীয় সরকার আইন সংশোধনে প্রতিবেদন
ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশন আইন সংশোধনের বিল যাচাইবাছাই করে সংসদে প্রতিবেদন দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ বুধবার কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এই চারটি প্রতিবেদন জমা দেন।
স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ১১ নভেম্বর আইন সংশোধনের জন্য স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) বিল ২০১৫, স্থানীয় সরকার (উপজেলা) বিল ২০১৫ ও স্থানীয় সরকার (সিটি করপোরেশন) বিল ২০১৫ সংসদে উত্থাপন করেন। স্থানীয় সরকার (পৌরসভা) বিল ২০১৫ বিলটি উত্থাপন করেন ১৫ নভেম্বর।
কমিটির সুপারিশে বলা হয়, ইউনিয়ন পরিষদের শুধু চেয়ারম্যান পদে এবং সিটি করপোরেশনে মেয়র পদে দলীয় পরিচয় ও প্রতীকে নির্বাচন হবে। উপজেলা পরিষদে চেয়ারম্যানের সঙ্গে ভাইস চেয়ারম্যান পদেও রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে নির্বাচন হবে।
পৌরসভা আইন সংশোধন বিলে কোনো পরিবর্তন আনা হয়নি। মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী এই পরিষদে শুধু মেয়র পদে দলীয় পরিচয় ও প্রতীকে নির্বাচন হবে।
এ ছাড়া আজ সংসদে বাংলাদেশ চা-শ্রমিক কল্যাণ তহবিল বিল ২০১৫ উত্থাপিত হয়েছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিলটি উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। সামরিক শাসনামলে জারি করা চা-শ্রমিক কল্যাণ ফান্ড অধ্যাদেশ বাতিল করে বাংলায় আইন করতে বিলটি উত্থাপন করা হয়েছে।
বিলে বলা হয়েছে, কোনো চা-শ্রমিক চাকরিরত অবস্থায় বা অবসর নেওয়ার পাঁচ বছরের মধ্যে মারা গেলে প্রাপ্য অনুদান তাঁর স্ত্রী বা স্বামী পাবেন। অক্ষম বা দুর্দশাগ্রস্ত শ্রমিকের মেয়ের বিয়ের জন্য অনুদান দেওয়ার বিধানও বিলে রাখা হয়েছে।