সংসদে ৫০ আসন ও সংখ্যালঘু মন্ত্রণালয়ের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দু সম্প্রদায়ের ‘অস্তিত্ব’ রক্ষায় তাদের জন্য জাতীয় সংসদে ৫০টি আসন সংরক্ষণ এবং সংখ্যালঘু-বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। একই সঙ্গে জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতার উৎস খুঁজে বের করার জন্য একটি কমিশন গঠনের আহ্বান জানায় সংগঠনটি।
জাতীয় প্রেসক্লাবে গতকাল শনিবার দুপুরে ‘সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও রাষ্ট্রের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সংগঠনটির মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক লিখিত বক্তব্যে এ দাবিগুলো তুলে ধরেন।
লিখিত বক্তব্যে গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, ‘হিন্দুদের নির্যাতন নিয়ে ব্রিটিশ পার্লামেন্ট, আমেরিকার কংগ্রেসে আলোচনা হলেও দুর্ভাগ্য, যাদের ভোট দেওয়ার কারণে আমরা নির্যাতিত হই, তারা পার্লামেন্টে কোনো দিন কোনো কথা বলেনি।’
বাংলাদেশ হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি দীনবন্ধু রায়ের সভাপতিত্বে ওই গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ‘বাস্তবতায় দেখেছি অনেকে আমাদের সংগঠন করেন, যাঁরা ইন্ডিয়ায় বাড়ি করে ছেলেমেয়ে রেখেছেন। এখানে জোর দিয়ে কথা বলে নিজের নিরাপত্তা ঠিকঠাক করেন। এই জন্য আমাদের অস্তিত্ব বিপন্ন হচ্ছে। আমরা যদি এখানেই থাকতাম, কোনো ক্রমেই যাব না, তাহলে টিকে থাকার চিন্তা করতাম।’