সংসদে 'ডিএনএ বিল-২০১৪' আইন প্রণয়নের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরাধী শনাক্ত করা, পিতৃত্ব-মাতৃত্ব নিরূপণ বা মরদেহ শনাক্ত করার মতো কাজে ডিএনএ পরীক্ষা ও সংরক্ষণের জন্য আইন প্রণয়নের প্রস্তাব উঠেছে জাতীয় সংসদে। গত বছরের ২ সেপ্টেম্বর এ-সংক্রান্ত বিল মন্ত্রিসভায় অনুমোদিত হয়।


আজ সোমবার বেলা ১১টার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হওয়ার পর এ-সংক্রান্ত ‘ডি-অক্সি-রাইবোনিউক্লিক অ্যাসিড (ডিএনএ) বিল-২০১৪’ উত্থাপন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ। পরে বিলটি পরীক্ষা করে এক মাসের মধ্যে সংসদে প্রতিবেদন দিতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মেহের আফরোজ বলেন, ‘ডিএনএর প্রোফাইলিং পরীক্ষার মাধ্যমে ধর্ষণ, হত্যা প্রভৃতি জঘন্যতম অপরাধের অপরাধী শনাক্তকরণ, পিতৃত্ব-মাতৃত্ব, ভাইবোন সম্পর্ক নির্ণয়, বিদেশে অধিবাসী হতে ইচ্ছুকদের প্রয়োজনীয় ডিএনএ পরীক্ষা অথবা বংশের ধারা প্রমাণ এবং বিচ্ছিন্ন বা বিকৃত মৃতদেহ শনাক্ত করা যায়।’

প্রস্তাবিত আইনে ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি স্থাপন ও জাতীয় ডাটাবেইজ প্রতিষ্ঠা এবং এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে ‘ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর’ স্থাপন করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া বিলে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন মন্ত্রণালয়, পুলিশ, বিশেষজ্ঞসহ বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে একটি ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাব করা হয়েছে।

বিলটি পাস হলে কোনো ব্যক্তি বা সংস্থা সরকারের অনুমোদন ছাড়া ডিএনএ পরীক্ষা বা সংরক্ষণ করতে পারবে না। এ আইন ভাঙলে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডাদেশ হতে পারে, সঙ্গে তিন লাখ টাকা জরিমানার বিধানও রয়েছে। ডিএনএ নমুনা ধ্বংস, পরিবর্তন, দূষিত বা জাল করা হলে; কারও দায়িত্বে অবহেলার কারণে ডিএনএ নমুনা সংগ্রহ করা না গেলে বা নমুনা নষ্ট হলেও বিভিন্ন মেয়াদে শাস্তির বিধান রাখা হয়েছে প্রস্তাবিত আইনে।

তদন্তের প্রয়োজনে ডিএনএ নমুনা সংগ্রহে কেউ অসম্মতি জানালে পুলিশ আদালতে যেতে পারবে বলে বিলে উল্লেখ রয়েছে। তবে কমপক্ষে দুজন সাক্ষীর উপস্থিতি ও বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তির ডিএনএ নমুনা সংগ্রহ করা যাবে না।

প্রস্তাবিত আইনে জাতীয় ডিএনএ ডাটাবেইজে চারটি ইনডেক্স প্রতিষ্ঠা করার প্রস্তাব করা হয়েছে। তা হলো অপরাধস্থল ইনডেক্স, সাজাপ্রাপ্ত অপরাধী ইনডেক্স, অজ্ঞাত ব্যক্তিদের ইনডেক্স এবং সরকার কর্তৃক সময় নির্ধারিত অন্য কোনো ইনডেক্স। প্রয়োজনে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে তথ্য আদান-প্রদানের বিধানেরও প্রস্তাব রাখা হয়েছে এই বিলে।