সংসদের অধিবেশন আজ শুরু, চলবে ৮ মার্চ পর্যন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন আজ বুধবার বিকেল সাড়ে তিনটায় শুরু হচ্ছে। সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শীতকালীন এই অধিবেশন চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত। সংসদ সচিবালয় সূত্র জানায়, এই অধিবেশন ২৭ কার্যদিবস স্থায়ী হতে পারে।গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির ১৬তম বৈঠক হয়। সংসদ সচিবালয় জানায়, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কার্যদিবসে অধিবেশন বিকেল সোয়া চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চলবে। তবে স্পিকার প্রয়োজনে এ সময়সীমা বাড়াতে অথবা কমাতে পারবেন। বিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান আজ সন্ধ্যা ছয়টায় সংসদে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৪০ ঘণ্টা আলোচনা হবে।আজ অধিবেশন শুরুর পরপরই সংসদীয় রেওয়াজ অনুযায়ী সদ্যপ্রয়াত সাংসদ আবদুর রাজ্জাকের ওপর শোক প্রস্তাব এনে অধিবেশন মুলতবি করা হবে। সন্ধ্যার পর অধিবেশন আবার শুরু হবে।কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে কমিটির সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হুসেইন মুহম্মদ এরশাদ, ডেপুটি স্পিকার শওকত আলী, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, চিফ হুইপ আবদুস শহীদ, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, তোফায়েল আহমেদ, ফজলে রাব্বী মিয়া, রহমত আলী, রাশেদ খান মেনন এবং আবদুল মতিন খসরু অংশ নেন। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ। তবে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আগের ১৫টি বৈঠকের মতো গতকালও উপস্থিত ছিলেন না।