দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ সোমবার বিকেল পাঁচটায় শুরু হচ্ছে। এ অধিবেশনে সংবিধানের ষোড়শ সংশোধনী বিল পাস হতে পারে। বিলটি পাস হলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ-সংক্রান্ত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিধান বাতিল হবে এবং বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা ফিরে পাবে সংসদ।
বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) গতকাল রোববার জানিয়েছে, তারা বিলটির বিরোধিতা করবে। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা মনে করেন, জাতীয় পার্টি সংবিধান সংশোধন বিলের বিরোধিতা করলে পাসের ক্ষেত্রে যথেষ্ট সময় লাগবে।
ইতিমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ সংবিধান সংশোধন-সংক্রান্ত খসড়া আইন অনুমোদন করেছে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, তৃতীয় অধিবেশনে উত্থাপনের জন্য গতকাল পর্যন্ত তিনটি বিল জমা পড়েছে। এগুলো হলো: বাংলাদেশ হোটেল ও রেস্তোঁরা বিল, ২০১৪, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল বিল, ২০১৪ এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০১৪। এর বাইরে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (সংশোধন) বিল, ২০১৪ পাসের অপেক্ষায় রয়েছে।
বিএনপিবিহীন এই সংসদের আগের দুটি অধিবেশনে মোট ৫৯ কার্যদিবস বৈঠক বসেছে। এর মধ্যে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ উপস্থিত ছিলেন ২৪ দিন। নবম সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উপস্থিতি ছিল ১০ দিন।
চলতি সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা উপস্থিত ছিলেন ৫২ দিন। জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ ছিলেন ১৭ দিন। সব কার্যদিবসে উপস্থিত ছিলেন হুইপ শহীদুজ্জামান সরকার। নবম সংসদেও তাঁর উপস্থিতি ছিল সর্বোচ্চ।
এই অধিবেশন কত দিন চলবে, সে বিষয়ে আজ বিকেল চারটায় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে।