সংসদের অধিবেশন শেষ হতে পারে আজ
নবম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন আজ বুধবার শেষ হতে পারে। একই সঙ্গে আজকের বৈঠকই হতে পারে নবম সংসদের শেষ কার্যদিবস। কারণ, হিসাব অনুযায়ী আগামী ২৪ জানুয়ারি মেয়াদ শেষ হওয়ার আগে সংসদের আর কোনো অধিবেশন বসার সম্ভাবনা ক্ষীণ।
সংবিধান অনুযায়ী সংসদের এক অধিবেশনের সঙ্গে অন্য অধিবেশনের পার্থক্য ৬০ দিনের বেশি হতে পারবে না। তবে সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনে এই বিধান প্রযোজ্য হবে না।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, আজ (বুধবার) সংসদের অধিবেশন শেষ হতে পারে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির দপ্তর থেকে কোনো নির্দেশনা আসেনি।
সংবিধান অনুযায়ী সংসদের অধিবেশন আহ্বান ও সমাপ্তি ঘোষণা করেন রাষ্ট্রপতি। বর্তমান সংসদের যাত্রা শুরু হয়েছিল ২০০৯ সালের ২৫ জানুয়ারি। এই হিসাবে এই সংসদের মেয়াদ শেষ হবে ২০১৪ সালের ২৪ জানুয়ারি।
সংসদ সচিবালয় সূত্র জানায়, অধিবেশন শেষ করার বিষয়ে গতরাতে সংসদ সচিবালয় থেকে নথি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। কারণ, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে রাষ্ট্রপতি এ বিষয়ে সিদ্ধান্ত নেন।
স্পিকারের সভাপতিত্বে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে সংসদের অধিবেশন শুরু হয়। নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। গতকালের প্রশ্নোত্তর বইয়ে কোনো মন্ত্রীর নাম ছিল না। শুধু পদবি ব্যবহার করে তাঁরা প্রশ্নের জবাব দিয়েছেন।
স্পিকার বলেন, সাধারণত প্রশ্নোত্তর বই কয়েক দিন আগে ছাপা হয়। কিন্তু ইতিমধ্যে নির্বাচনকালীন সরকারের মন্ত্রীরা শপথ নিয়েছেন। দপ্তর পুনর্বণ্টন হবে। এখন যাঁরা মন্ত্রী তাঁরা দায়িত্বে নাও থাকতে পারেন। সেই বিবেচনায় প্রশ্নের জবাবে মন্ত্রীদের নাম ব্যবহার করা হয়নি।
বিল পাস: গতকাল সংসদে আইনগত সহায়তা প্রদান সংশোধন বিল ২০১৩ পাস হয়েছে। আইনমন্ত্রী শফিক আহমেদ বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এ ছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিল ২০১৩ ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সংশোধন বিল ২০১৩ সংসদে উত্থাপিত হয়। বিল দুটি উত্থাপন করেন যথাক্রমে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে বিল দুটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। পরে অধিবেশন আজ বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়।