শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, সরকার শ্রম আইন চূড়ান্ত করেছে। সংসদের আগামী অধিবেশনে শ্রম আইন পাস করা হবে।মহাজোট সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে গাজীপুর সদর উপজেলার চান্দনা চৌরাস্তায় গতকাল শুক্রবার বিকেলে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্নুজান এ কথা বলেন। সদর উপজেলার বাসন ইউনিয়ন শ্রমিক লীগ এ সমাবেশের আয়োজন করে।সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়া ক্ষমতায় এসে দেশের অনেক শিল্পকারখানা বন্ধ করে দিয়েছিলেন। মহাজোট সরকার অনেক বন্ধ কারখানা চালু করেছে। সরকার শ্রমিকদের চাকরির বয়স ৬০ বছরে উন্নীত করেছে। শ্রমিক ও অতিদরিদ্রদের জন্য সরকার ২৪ টাকা কেজি দরে স্বল্প মূল্যে চাল বিক্রি করছে। পোশাকশিল্পের মালিকেরা জমি দিলে শ্রমিকদের জন্য বাসস্থান তৈরিতে সরকার সহায়তা করবে।বাসন ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি কবির মণ্ডলের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র, টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্লাহ খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লা মণ্ডল, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান প্রমুখ। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।