সংসদের আসন্ন অধিবেশনে জাতীয় শিক্ষানীতি উপস্থাপন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আলোচনার জন্য জাতীয় শিক্ষানীতির খসড়া সংসদের আসন্ন অধিবেশনে উপস্থাপন করা হবে। নতুন এই শিক্ষানীতির প্রতি দেশের প্রায় সব মহলের সমর্থন থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, বাস্তবায়নের ক্ষেত্রে এটি একটি বড় শক্তি হিসেবে কাজ করবে।মহান শিক্ষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় গতকাল শুক্রবার শিক্ষামন্ত্রী এ কথা বলেন। দিবসটি উপলক্ষে গতকাল আয়োজিত বিভিন্ন কর্মসূচি থেকে দ্রুত জাতীয় শিক্ষানীতি-২০১০ বাস্তবায়নের দাবি জানানো হয়।দিনটি উপলক্ষে গতকাল জাতীয় প্রেসক্লাবে সেমিনারের আয়োজন করে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট। ওই সেমিনারে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বর্তমান সরকার ভিশন-২০২০ বাস্তবায়নের লক্ষ্য সামনে রেখে নতুন শিক্ষানীতি বাস্তবায়ন করবে। এতে কোনো শিক্ষকের চাকরি যাবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, এটা বাস্তবায়ন করলে আরও বেশি শিক্ষকের প্রয়োজন হবে। উল্লেখ্য, শিক্ষানীতি বাস্তবায়ন হলে অনেক শিক্ষকের চাকরি থাকবে না, এমন আশঙ্কা প্রকাশ করে যাচ্ছে সরকারবিরোধী একটি বেসরকারি শিক্ষক সংগঠন। শিক্ষামন্ত্রী বলেন, স্বাধীনতা-উত্তর সব শিক্ষানীতি প্রতিবাদ-প্রতিরোধের মুখে পড়েছে। যে কারণে ৩৯ বছরে একটি শিক্ষানীতিও বাস্তবায়ন করা যায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গণমুখী শিক্ষানীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় জাতীয় শিক্ষানীতি সংসদে আলোচনার জন্য উপস্থাপন করা হবে।বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় শিক্ষানীতি প্রণয়নে গঠিত কমিটির কো-চেয়ারম্যান অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, নতুন শিক্ষানীতি বাস্তবায়নের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। তবে এ ক্ষেত্রে বিশ্বব্যাংক ও এশিয়ান উন্নয়ন ব্যাংকের মতো দাতাদের খবরদারি মেনে নেওয়া হবে না। ফ্রন্টের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ সেমিনারে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন আসাদুল হক, মো. আজিজুল ইসলাম, বিলকিস বেগম প্রমুখ।দিনটি উপলক্ষে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ। সংগঠনের নেতা নূর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে সমিতির সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সাহা, সহসভাপতি আবদুর রহমান, আতিয়ার রহমান প্রমুখ বক্তব্য দেন। বক্তারা দ্রুত নতুন জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের দাবি জানান।এ ছাড়া ছাত্রমৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্রলীগ (অদলীয়), জাতীয় গণতান্ত্রিক লীগ, বাংলাদেশ নারী মুক্তি আন্দোলনসহ বিভিন্ন ছাত্র-শিক্ষক সংগঠন দিনটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। এ ছাড়া হাইকোর্টের মোড়ে শিক্ষা অধিকার চত্বরে ফুল দিয়ে ৬২-এর শিক্ষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন।১৯৬২ সালে সামরিক শাসক আইয়ুব খানের চাপিয়ে দেওয়া শরিফ কমিশনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল পূর্ব পাকিস্তানের ছাত্রসমাজ। আন্দোলনের অংশ হিসেবে ১৭ সেপ্টেম্বর শরিফ কমিশনের শিক্ষানীতির বিরুদ্ধে শিক্ষার্থীরা মিছিল বের করে। হাইকোর্টের সামনে গেলে পুলিশ মিছিলে গুলি ছুড়ে। এতে মোস্তফা, বাবুল, ওয়াজী উল্লাহ প্রমুখ নিহত হন। এর পর থেকে ১৭ সেপ্টেম্বর শিক্ষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।