সংসদের একাদশ অধিবেশন শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম জাতীয় সংসদের একাদশ অধিবেশন আজ বৃহস্পতিবার বিকেল চারটায় শুরু হচ্ছে। ঈদের আগ পর্যন্ত চলে আবার বিরতি দিয়ে অধিবেশন চলবে বলে জানা গেছে।গত দুটি অধিবেশনের মতো প্রধান বিরোধী দল বিএনপি এ অধিবেশনে সংসদে ফিরছে না বলে জানা গেছে। তবে স্পিকার আবদুল হামিদ বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিরোধী দল তাদের যেকোনো দাবির বিষয়ে সংসদে এসে আলোচনা করতে পারে। সংসদই হলো নির্বাচিত প্রতিনিধিদের কথা বলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোরাম। স্পিকার বলেন, বিরোধী দলের সদস্যরাও চাইলে সংসদে যেকোনো বিল আনতে পারেন। বিরোধী দলকে সব কাজে সহায়তা দিতে স্পিকার প্রস্তুত।এক প্রশ্নের জবাবে স্পিকার আবদুল হামিদ বলেন, জেলে আটক বিএনপির সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সংসদে অনুপস্থিতির মেয়াদ ৯০ দিন পার হলেও তাঁর সদস্যপদ যাবে না। কারণ, তিনি যে জেলে আছেন, তা স্পিকারের বিবেচনায় আছে।বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, সংসদে ফেরার এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেই। তিনি বলেন, সরকারি দলের আচরণ সংসদে ফেরার উপযোগী নয়।সংসদ সূত্রে জানা গেছে। সংসদের এ অধিবেশনে ১২টি বিল উত্থাপন হতে পারে। এর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও রয়েছে।গত ২৫ আগস্ট সংসদের দশম অধিবেশন শেষ হয়।