সংসদের কাছে যে কেউ জবাবদিহি করতে বাধ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সংসদ জনগণের সার্বভৌমত্বের প্রতিনিধিত্ব করে। তাই সংবিধান অনুযায়ী যে কেউ, এমনকি বিচার বিভাগও সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য।গতকাল মঙ্গলবার দুপুরে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সুরঞ্জিত বলেন, সংবিধান অনুযায়ী জনগণই সব ক্ষমতার উৎস। সার্বভৌম সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে। সংসদেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সবাই জবাবদিহি করেন। রাষ্ট্রপতির অভিশংসনও করার ক্ষমতা সংসদের। সংসদ হচ্ছে সবকিছুর স্রষ্টা। আর ‘ক্রিয়েশন দিয়ে ক্রিয়েটর ধ্বংস হবে, সেটা হতে পারে না।’সংসদ সার্বভৌম নয় বলে সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে মত প্রকাশ করেছেন, সে সম্পর্কে সুরঞ্জিত বলেন, ‘সুপ্রিম কোর্টের কোনো মুখপাত্র এ মতামত জানাননি। তা ছাড়া, এটা কোনো বিচারিক আদেশ নয়। যদি আদালতের মুখপাত্র এটা বলতেন, তাহলে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারত। তিনি বলেন, ‘সংবাদপত্রগুলো বিক্ষিপ্তভাবে এই সংবাদ পরিবেশন করেছে। ওই বৈঠকটি কোনো বিচারিক সভা ছিল না। বিচারপতিরা তাঁদের মতামত প্রকাশ করেছেন মাত্র।’সুরঞ্জিত বলেন, ‘অতীতে স্বৈরাচারী শাসকেরা সংসদকে রাবার স্ট্যাম্পে পরিণত করেছিলেন। ’৭৭ সালে স্বৈরাচার ও বিচার বিভাগ মিলে সংসদের কাছে বিচার বিভাগের জবাবদিহিতা থেকে সরে যাওয়ার বিধান জারি করেছিল। তৎকালীন প্রধান বিচারপতিও এর সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রকে আবার পুনরুজ্জীবিত করা হয়েছে। এই সংসদকে কোনোভাবেই আবারও রাবার স্ট্যাম্প মার্কা প্রতিষ্ঠানে ফিরিয়ে নেওয়া যাবে না।’তিনি বলেন, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে প্রশ্ন উঠেছিল, বিচার বিভাগ কার কাছে দায়বদ্ধ? এটা নিয়ে বিতর্ক হবে এটাই স্বাভাবিক। গণতন্ত্র সেটাই বলে। বিতর্কের পর সংসদই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। অতীতে সুপ্রিম কোর্টের প্রতিনিধি সংসদীয় কমিটির আমন্ত্রণে সম্মানের সঙ্গে এবং স্বতঃপ্রণোদিত হয়ে কমিটির বৈঠকে এসেছেন। তিনি বলেন, কারও সঙ্গে প্রতিযোগিতা নয়, বিভ্রান্তি দূর করতেই এই সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। সংবিধানকে সমুন্নত রেখে প্রধান বিচারপতি অবশ্যই তাঁর (বিচার বিভাগের) মর্যাদা রক্ষা করে চলবেন। তেমনি সংসদও সংবিধান মেনে তার কাজ করবে।