সংসদের চতুর্থ অধিবেশন আজ বসছে
দশম সংসদের চতুর্থ অধিবেশন আজ বৃহস্পতিবার বিকেল চারটায় বসছে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে অনেকটা নিয়ম রক্ষার জন্যই এই অধিবেশন ডাকা হয়েছে। তবে অধিবেশন কত দিন চলবে, তা সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে নির্ধারিত হবে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, আগামী বছরের জানুয়ারিতে শীতকালীন অধিবেশন বসবে। এ কারণে এবারের অধিবেশনের মেয়াদ সংক্ষিপ্ত হবে। সংসদের দুটি অধিবেশনের মধ্যবর্তী সময়ের ব্যবধান ৬০ দিনের বেশি হবে না—এমন সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এর আগে গত ১৮ সেপ্টেম্বর সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়। ১৪ কার্যদিবস স্থায়ী ওই অধিবেশনে সংবিধানের ষোড়শ সংশোধনী বিল পাস হয়।
সংসদীয় রীতি অনুযায়ী সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ ইসহাক হোসেন তালুকদারের মৃত্যুতে আজ অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন, এর ওপর আলোচনা এবং শোক প্রস্তাব গ্রহণ শেষে সংসদের অধিবেশন মুলতবি করা হবে।