সংসদের চতুর্থ অধিবেশন শুরুর মতো শেষও হলো বিরোধী দল ছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম জাতীয় সংসদের ঘটনাবহুল চতুর্থ অধিবেশন শুরুর মতো গতকাল সোমবার শেষও হয়েছে বিরোধী দল ছাড়া। ৪ জানুয়ারি এ অধিবেশনের শুরুতেও বিরোধী দল সংসদে অনুপস্থিত ছিল। প্রথম অধিবেশনের পর টানা ১০ মাস বর্জনের পর বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াসহ বিরোধী দলের সদস্যরা এ অধিবেশনের মাঝামাঝি ১১ ফেব্রুয়ারি সংসদে যোগ দেন। পরে বিরোধী দলের সদস্যরা সংসদে থাকলেও খালেদা জিয়া ওই দিনসহ মাত্র দুই দিন উপস্থিত ছিলেন। নবম জাতীয় সংসদের চারটি অধিবেশনে খালেদা জিয়ার উপস্থিতি মাত্র পাঁচ দিন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশির ভাগ সময় সংসদে উপস্থিত ছিলেন।চতুর্থ অধিবেশনের প্রথম দিন রেওয়াজ অনুসারে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ভাষণ দেন। তাঁর ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সরকারি ও বিরোধী দলের ২৩৬ জন সদস্য ৪৩ ঘণ্টা আলোচনা করেন। পরে ধন্যবাদ প্রস্তাব সংসদে গৃহীত হয়। এ অধিবেশনে উত্থাপিত ৩৪টি বিলের মধ্যে পাস হয়েছে ২৩টি। এর মধ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী, বিচারপতি ও সাংসদদের বেতন-ভাতা বাড়ানোসংক্রান্ত বিলগুলোও রয়েছে। বিরোধী দল ফিরে আসায় ৩৯ কার্যদিবসের এ অধিবেশন ছিল প্রাণবন্ত। এ অধিবেশনেই প্রথমবারের মতো জাতীয় বাজেটের ছয় মাসের অগ্রগতি প্রতিবেদন সংসদে উপস্থাপিত হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ১৬ মার্চ প্রতিবেদনটি উপস্থাপন করেন। চতুর্থ অধিবেশনে দুই দফা বিরতি দেওয়া হয়। সর্বশেষ সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশন ৬ এপ্রিল শেষ করার সিদ্ধান্ত হয়েছিল। অধিবেশনের সমাপ্তি সম্পর্কে রাষ্ট্রপতির ঘোষণা পাঠের আগে স্পিকার আবদুল হামিদ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিরোধী দল সংসদের এ অধিবেশনে ফিরে এসে অধিবেশনকে প্রাণবন্ত করেছে। সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে সরকারি ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করতে হবে। সংসদকে পরিণত করতে হবে সব দল, মত ও পথের মিলনকেন্দ্রে। অধিবেশন শেষ হওয়ার আগে এলডিপির একমাত্র সাংসদ অলি আহমদ এবং স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম সমাপনী বক্তব্য দেন।মুলতবি প্রস্তাবের ৯৯টিই নাকচ: চতুর্থ অধিবেশনে বিরোধী দলের সদস্যরা ৯৯টি মুলতবি প্রস্তাব আনলেও এর একটিও গৃহীত হয়নি। এ প্রস্তাবগুলোর মধ্যে বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী একাই আনেন ৪৯টি প্রস্তাব। বাকিগুলোর মধ্যে নিলুফার চৌধুরী ১১টি, নাজিমউদ্দিন আহমেদ ১১টি, আশিফা আশরাফী পাঁচটি, শাম্মী আকতার চারটি, আশরাফউদ্দিন নিজান তিনটি, শহীদ উদ্দিন চৌধুরী তিনটি এবং জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আযাদ একটি প্রস্তাব আনেন।ডেপুটি স্পিকার শওকত আলী গতকাল ১৫ মিনিটের মধ্যেই এসব প্রস্তাব নাকচ করে দিয়ে বলেন, ‘আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।