সংসদের জন্য ১৯৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব উত্থাপনের জন্য অনুমোদন
২০১৩-১৪ অর্থবছরে জাতীয় সংসদের জন্য ১৯৫ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপনের জন্য অনুমোদন করেছে সংসদ কমিশন। গতকাল রোববার সংসদ ভবনে কমিশনের সভায় এ অনুমোদন দেওয়া হয়। সংসদ সচিবালয় জানায়, বরাদ্দ প্রস্তাবের মধ্যে অনুন্নয়ন খাতে ১৫৮ কোটি ৯৫ লাখ এবং উন্নয়ন খাতে ৩৬ কোটি ৪৭ লাখ টাকা রয়েছে। সংসদ কমিশনের চেয়ারম্যান স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম অংশ নেন। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন হুইপ আ স ম ফিরোজ ও সাগুফতা ইয়াসমিন। এ ছাড়া উপস্থিত ছিলেন অর্থসচিব ফজলে কবীর ও সংসদ সচিব মাহ্ফুজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জাতীয় সংসদ সচিবালয় কমিশন আইন, ১৯৯৪ অনুযায়ী সংসদের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয় জাতীয় সংসদ। সংসদে উত্থাপনের আগে কমিশন প্রস্তাবটি অনুমোদন করে পাঠায়। এ ছাড়া সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা নির্ধারণ, এ সংখ্যার হ্রাস-বৃদ্ধি, পদ সৃষ্টি বা বিলোপ প্রভৃতি বিষয়ে পরামর্শ দিয়ে থাকে কমিশন।