সংসদের জন্য ২০৩ কোটি টাকার বাজেট অনুমোদন
জাতীয় সংসদের জন্য ২০১৫-১৬ অর্থবছরে ২০৩ কোটি ৭৮ লাখ ৪৩ হাজার টাকার বাজেট অনুমোদন দিয়েছে সংসদ সচিবালয় কমিশন। গতকাল বুধবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
চলতি অর্থবছরে সংসদের জন্য বরাদ্দ আছে ২১৯ কোটি টাকা।
বৈঠকে কমিশনের সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও আইনমন্ত্রী আনিসুল হক অংশ নেন। বিশেষ আমন্ত্রণে বৈঠকে উপস্থিত ছিলেন চিফ হুইপ আ স ম ফিরোজ।
বৈঠকের পর শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, চলতি অর্থবছরে সংসদের ডেটা সেন্টার নির্মাণের জন্য নয় কোটি টাকা বরাদ্দ আছে। আগামী অর্থবছরে এই টাকার দরকার হবে না। তাই বরাদ্দ কিছুটা কমেছে।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজেটে অনুন্নয়ন খাতে ১৯৭ কোটি ১৩ লাখ ৪৩ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ৬ কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়।