সংসদের জায়গায় লাল নিশান

জাতীয় সংসদ ভবন এলাকার খেজুরবাগানে লাল নিশান পুঁতে সীমানা চিহ্নিত করা হয়েছে। ফুটপাত থেকে ৫৫ ফুট বা প্রায় ১৭ মিটার ভেতরে এই লাল নিশান দেওয়া হয়েছে। এই কাজটি মেট্রোরেল প্রকল্পের জন্য, নাকি নিরাপত্তা দেয়ালের জন্য, তা স্পষ্ট করছেন না কেউ।
তবে নিরাপত্তা দেয়াল কিংবা মেট্রোরেল—এর যেকোনোটি বাস্তবায়ন করতে হলে খেজুরবাগানসহ সেখানকার গাছপালায় কোপ পড়বে। স্থাপত্যবিদ আর পরিবেশবাদীরা বরাবরই সংসদ ভবনের পরিকল্পিত নকশার বাইরে যেকোনো পরিবর্তন ও পরিবর্ধনের বিরোধিতা করে আসছেন।
সরেজমিনে দেখা গেছে, মানিক মিয়া অ্যাভিনিউ প্রান্ত থেকে চন্দ্রিমা উদ্যানের পাশের সড়ক পর্যন্ত উত্তর-দক্ষিণ বরাবর ফুটপাত থেকে বাগানের গাছের তিন সারি ভেতরে এসব নিশান দেওয়া হয়েছে। কী কারণে নিশান দেওয়া হলো তা জানার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ, সংসদ সচিবালয় ও গণপূর্ত বিভাগের কাছ থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সংসদ সচিবালয় খেজুরবাগানের ভেতর দিয়ে একটি নিরাপত্তা দেয়াল তৈরি করার পরিকল্পনা নিয়েছে। আর একই স্থান দিয়ে মেট্রোরেলের পথ নির্ধারিত আছে। এর জন্যও জায়গা ছাড়তে হবে। এ জন্যই এসব কর্মকাণ্ড।
গণপূর্ত বিভাগের শেরেবাংলা নগর-১-এর উপবিভাগীয় প্রকৌশলী আমিনুল ইসলাম গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, মেট্রোরেলের বিশেষজ্ঞরা এলাকাটি পরিদর্শন করবেন। এ জন্যই চিহ্নিত করা হয়েছে। সংসদ সচিবালয় যেভাবে বলছে সেভাবেই কাজ করছেন তাঁরা।
আর সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব প্রণব চক্রবর্তী প্রথম আলোকে বলেন, সংসদ ভবন এলাকার পুরো জমি মেপে দেখা হচ্ছে। গণপূর্ত বিভাগ এই এলাকার একটি বিশদ চিত্র তৈরি করছে। বাগান কেটে দেয়াল তৈরির পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আগের মতোই আছে। এখনো চূড়ান্ত কিছু হচ্ছে না।’
এদিকে মেট্রোরেল প্রকল্পের জন্য খেজুরবাগানে কোপ পড়বে—এটা আগেই জানা ছিল। ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) তাদের বিশেষজ্ঞদের দিয়ে মেট্রোরেলের প্রাথমিকভাবে একটি ধারণাপত্র তৈরি করেছিল। সে অনুযায়ী, মেট্রোরেলের জন্য সংসদ ভবন এলাকার খেজুরবাগানের সর্বনিম্ন ৩১ থেকে সর্বোচ্চ ৪৮ মিটার পর্যন্ত কাটা পড়তে পারে। ডিটিসিএ মেট্রোরেল প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা।
জানতে চাইলে ডিটিসিএর নির্বাহী পরিচালক মোফাজ্জল হোসেন গত মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেন, ‘আমাদের পরামর্শক প্রতিষ্ঠান গত ২৫ ফেব্রুয়ারি কাজ শুরু করেছে। এখন খেজুরবাগানে সীমানা চিহ্নিত করার কথা নয়। এই বিষয়ে আমাদের জানা নেই।’