সংসদের দলগুলো নিয়ে নির্বাচনকালীন সরকার চায় তরিকত
সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর সমন্বয়ে নির্বাচনকালীন সরকার এবং নির্বাচনে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাব করেছে তরিকত ফেডারেশন। আজ বুধবার নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে অংশ নিয়ে দলটি ১২ দফা প্রস্তাব দেয়।
একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে অংশীজনদের সঙ্গে সংলাপের অংশ হিসেবে আজ তরিকত ফেডারেশনের সঙ্গে সংলাপ করে ইসি। তরিকতের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর নেতৃত্বে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়।
সংলাপ শেষে নজিবুল বশর সাংবাদিকদের বলেন, মুক্তিযুদ্ধবিরোধী ব্যক্তি ও দল যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সে ব্যবস্থা নেওয়াসহ ১২টি প্রস্তাব তাঁরা দিয়েছেন। নির্বাচনকালীন সরকারের বিষয়ে তাঁরা বলেছেন, সংবিধানের বাইরে যাওয়া যাবে না, যেটা হবে সংবিধানের মধ্য থেকে হতে হবে। এ সরকারের অধীনে সংসদে প্রতিনিধিত্বকারী দল নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করে এর অধীনে নির্বাচন করতে হবে।
তরিকতের অন্য প্রস্তাবগুলোর মধ্যে আছে—ইভিএম পদ্ধতি চালু করা, নির্বাচনী ব্যয় ২৫ লাখ থেকে বাড়িয়ে ৫০ লাখ টাকা করা, নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তির ব্যবহার রোধে আইনি ব্যবস্থা নেওয়া, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক মতাদর্শিক দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, তফশিল ঘোষণার ৬০ দিন আগে ভোটার তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা, রোহিঙ্গারা যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হতে পারে সে ব্যবস্থা নেওয়া ইত্যাদি।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন কমিশনার ও ইসির কর্মকর্তারা সংলাপে উপস্থিত ছিলেন।