সংসদের নারী আসনে নির্বাচন ২৯ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, এই নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ২৯ মার্চ শনিবার।
নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে গতকাল রোববার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ এ তফসিল ঘোষণা করেন।
দশম সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর পাঠানো তালিকা অনুযায়ী, জাতীয় সংসদে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট ২৪৪ আসন পেয়েছে। এর মধ্যে আওয়ামী
লীগ ২৩১, ওয়ার্কার্স পার্টি ছয়, জাসদ পাঁচ ও জাতীয় পার্টি (জেপি) দুটি আসন পেয়েছে। আনুপাতিক হিসাবে এই জোট ৪১টি নারী আসন পাচ্ছে। এর বাইরে জাতীয় পার্টি (জাপা) ৩৪টি আসনের অনুকূলে ছয়টি এবং স্বতন্ত্র জোট ১৬টি আসনের অনুকূলে তিনটি আসন পাবে। তরীকত ফেডারেশন (দুটি আসন) ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ (একটি আসন) কোনো আসন পায়নি।
এই তফসিল অনুযায়ী, ৪ মার্চ সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। মনোনয়নপত্র বাছাই হবে ৬ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মার্চ। মনোনয়নপত্র গ্রহণ ও বাছাই হবে কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে।
নির্বাচনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিযুক্ত হয়েছেন যথাক্রমে কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব জেসমিন টুলী ও মিহির সারোয়ার মোর্শেদ।
সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের ৩০০ আসনের বিপরীতে নারীদের জন্য ৫০টি আসন সংরক্ষিত আছে। জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ অনুযায়ী ৩০০ আসনের নির্বাচনে যে দল বা জোট যতটি আসন পাবে, তার আনুপাতিক হারে সেই দল বা জোটের অনুকূলে নারী আসন সংরক্ষণ করা হবে। অর্থাৎ প্রতি ছয়টি আসনের বিপরীতে একটি নারী আসন সংরক্ষিত।
এরপর দল বা জোট সংরক্ষিত আসনের সাংসদ নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়ন দেবে। দল বা জোট সংরক্ষিত আসনের সমপরিমাণ প্রার্থী মনোনয়ন দিলে ভোট গ্রহণের প্রয়োজন হবে না। আসনপ্রতি একাধিক প্রার্থী মনোনয়ন দেওয়া হলে ভোটাভুটির প্রয়োজন হবে। তবে অতীতে কোনো দলই সংরক্ষিত আসনে অতিরিক্ত প্রার্থী মনোনয়ন না দেওয়ায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।
আওয়ামী লীগের পক্ষ থেকে তরীকত ফেডারেশন ও বিএনএফকে জোটভুক্ত উল্লেখ করে নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হলেও এ দুটি দলের পক্ষ থেকে সম্মতিসূচক কোনো চিঠি দেওয়া হয়নি। যে কারণে কমিশন এই দুই দলকে আওয়ামী লীগের জোটে অন্তর্ভুক্ত করেনি।
টাঙ্গাইল-৮ আসনে উপনির্বাচন ২৯ মার্চ: এদিকে টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণের দিন ২৩ মার্চের পরিবর্তে ২৯ মার্চ নির্ধারণ করা হয়েছে। সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ গতকাল জানান, আইনশৃঙ্খলা বাহিনীর কাজের সুবিধার্থে এই পরিবর্তন আনা হয়েছে।