সংসদের নিরাপত্তা বাড়ছে
নিরাপত্তা বাড়ানো হচ্ছে জাতীয় সংসদ ভবনের। সংসদ ভবনে ঢুকতে সাংসদদেরও পরিচয়পত্র গলায় ঝোলাতে হবে। অচিরেই সংসদ ভবনের ফটকে পরিচয়পত্র শনাক্তকরণ (পাঞ্চিং মেশিন) যন্ত্র বসানো হবে।
চিফ হুইপ ও হুইপরা ইতিমধ্যেই পরিচয়পত্র ঝোলানোর বিষয়ে মৌখিকভাবে সাংসদদের নির্দেশ দিয়েছেন। গত ৪৭ দিনে দেশে ১৩টি হামলায় দুই বিদেশি, দুজন পুলিশ, একজন প্রকাশকসহ নয়জন খুন হয়েছেন। এসব ঘটনার বেশির ভাগেরই রহস্য উদ্ঘাটিত হয়নি। এর মধ্যেই গত শুক্রবার ফ্রান্সের প্যারিসে জঙ্গি হামলায় অন্তত ১২৯ জন নিহত হওয়ার পর বিভিন্ন রাষ্ট্র নিজেদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবছে।
জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ গতকাল রোববার প্রথম আলোকে বলেন, সংসদ ভবনে প্রতিদিন যে হারে মানুষ ঢুকছে আর বের হচ্ছে, তাতে কে সংসদ সদস্য আর কে সংসদ সদস্য নন, তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে। অনেক বহিরাগত মুজিব কোট পরে ভাবসাব নিয়ে সংসদে ঢুকে যাচ্ছেন। সাংসদ ভেবে নিরাপত্তা বাহিনী ভয়ে তাঁদের কিছু বলে না। আবার অনেক সময় নিরাপত্তা বাহিনী ‘আপনি কে’ বলে সাংসদকেও আটকে দিচ্ছেন। তখন বিব্রত সাংসদকে বলতে হয়, ‘হ্যাঁ, আমাকে চেন না! আমি এমপি।’ এ রকম ঘটনা মাঝেমধ্যেই ঘটছে। সে জন্য সবাইকে গলায় পরিচয়পত্র ঝোলাতে বলা হয়েছে।
১১ নভেম্বর সংসদে অনির্ধারিত আলোচনায় জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদও সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন।
সংসদ সচিবালয়ের নিরাপত্তা শাখা থেকে আরও জানা যায়, অচিরেই সংসদ ভবনের মূল ফটকে পরিচয়পত্র শনাক্তকরণ মেশিন (পাঞ্চিং মেশিন) বসানো হবে। আ স ম ফিরোজ বলেন, এ ছাড়া কোনো উপায় নেই। পাঞ্চিং মেশিন চালু হলে সাংসদদের পিছু পিছু অবাঞ্ছিত লোক সংসদ ভবনে ঢুকতে পারবেন না। হাজিরা বই ব্যবহারের দরকার হবে না।
সংসদ সূত্র জানায়, গত শনিবার সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ডেপুটি স্পিকারের কক্ষে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংসদ ভবন কমপ্লেক্সের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, সংসদ ভবনে এখন যে রকম নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, তাতে এখানে এখন যে কারোরই ঢুকে পড়া খুবই সহজ। সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতিতে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জায়গার এ রকম নিরাপত্তা কাম্য নয়। সে ভাবনা থেকে বৈঠকে উপস্থিত কর্মকর্তারা সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পুলিশের সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে সংসদ ভবনে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ৪০ জন সদস্য ও দেড় শ আনসার সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি থাকবে র্যাবও। গত শনিবার দুপুর থেকে বিস্ফোরক শনাক্তকারী কুকুরসহ র্যাবের ডগ স্কোয়াড দিয়ে সংসদ ভবন এলাকায় তল্লাশি চালানো হয়েছে। এখন থেকে সংসদ ভবনে র্যাবের কুকুরও রাখা হবে।
কর্মকর্তারা জানান, দশম সংসদের অষ্টম অধিবেশন ৮ নভেম্বর থেকে শুরু হয়েছে, চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। অধিবেশন চলাকালীনই নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে গতকাল বিকেল থেকেই আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত ৪০ জন সদস্য মোতায়েন করা হয়েছে। সংসদ সদস্য ক্লাবে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে।