সংসদের পঞ্চম অধিবেশন আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন আজ সোমবার বিকেল চারটায় শুরু হচ্ছে। এটি ২০১৫ সালের প্রথম অধিবেশন। বছরের প্রথম অধিবেশন হওয়ায় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ সংসদে ভাষণ দেবেন। রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের পর অধিবেশন মুলতবি করা হবে।
অধিবেশন কত দিন চলবে এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর কত ঘণ্টা আলোচনা হবে, সে বিষয়ে আজ সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, রেওয়াজ অনুযায়ী এ অধিবেশনে রাষ্ট্রপতি সংসদের উত্তরের ফটক দিয়ে প্রবেশ করবেন, যা প্রেসিডেন্ট প্লাজা নামে পরিচিত। প্রায় পাঁচ বছর পর গত বছরের ২৯ জানুয়ারি এখান দিয়ে সংসদে প্রবেশ করেছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এর আগে ২০০৯ সালের ২৫ জানুয়ারি নবম সংসদের শুরুর দিন একই পথে সংসদে এসেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ।
সংসদ সচিবালয়ের সার্জেন্ট অ্যাট আর্মস কমোডর আশরাফুল হক জানান, রাষ্ট্রপতি এবার প্রেসিডেন্ট প্লাজা দিয়ে প্রবেশ করবেন বলে উত্তর প্লাজায় কিছু সাজসজ্জার আয়োজন করা হয়েছে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ কর্মসূচি চলায় চলতি অধিবেশনকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এ অধিবেশনে উত্থাপনের জন্য এখন পর্যন্ত তিনটি বিলের নোটিশ পাওয়া গেছে। এগুলো হলো মেট্রোরেল বিল-২০১৪, ফাইনান্সিয়াল রিপোর্টিং বিল-২০১৪ ও ফরমালিন নিয়ন্ত্রণ বিল-২০১৪।
দশম সংসদের চতুর্থ অধিবেশন শেষ হয়েছিল গত বছরের ৩০ নভেম্বর।