সংসদের বাজেট অধিবেশনেই অ্যাক্রিডিটেশন কাউন্সিল আইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বায়ত্তশাসিত, সরকারি ও বেসরকারি—সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তদারকির জন্য আগামী জুনের বাজেট অধিবেশনে অ্যাক্রিডিটেশন কাউন্সিল আইন পাস করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এই আইনের আওতায় বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং ও মান যাচাই করা হবে।
গতকাল শুক্রবার জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের কলেজগুলোর র্যাঙ্কিং ও সম্মাননা প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘এই কাউন্সিল আইনের মাধ্যমে নিরপেক্ষ, বিদ্বান ও পণ্ডিত ব্যক্তিদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। তাঁরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার মান যাচাই, তদারক ও উন্নয়নে কাজ করবেন। প্রথমে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে এ ধরনের কাউন্সিলের ধারণা নিয়ে এসেছিলাম। পরে চিন্তা বদলেছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকেও এর আওতায় নিয়ে আসা হবে। এতে বোঝা যাবে, কোন বিশ্ববিদ্যালয় ভালো, কোনটা কোন বিষয়ে ভালো।’
নুরুল ইসলাম নাহিদ বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে আরও ক্ষমতাশালী ও প্রসারিত করা হবে। হায়ার এডুকেশন কমিশন বা এ রকম কোনো নামে এর অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে নিয়ে যাওয়া হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, বিশ্ববিদ্যালয়ের গুণগত মান নির্ধারণ করা জরুরি। উচ্চশিক্ষা কমিশন করা হলে মঞ্জুরি কমিশনের ক্ষমতা বাড়বে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচনার পর ২০১৫ সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে সেরা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের হাতে ক্রেস্ট, বই ও সনদ তুলে দেওয়া হয়।