সংসদের যেকোনো উদ্যোগে সহায়তা করবে টিআইবি
‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদন নিয়ে গত সোমবার জাতীয় সংসদে অনুষ্ঠিত বিতর্ক ও আলোচনাকে ইতিবাচক বলেই মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ওই প্রতিবেদনের বিষয়ে সংসদের যেকোনো উদ্যোগে সহায়তা করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে। ২০০১ সালের অষ্টম সংসদ থেকে শুরু করে এ পর্যন্ত টিআইবির ‘পার্লামেন্ট ওয়াচ’ সিরিজের প্রতিবেদনগুলো খতিয়ে দেখা যথার্থ হবে বলে টিআইবি মনে করে।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সম্মানিত সংসদ সদস্যরা সম্প্রতি টিআইবির প্রকাশিত ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদনকে যেভাবে গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন, তা ইতিবাচক। এই আলোচনাকে টিআইবি তাদের কাজের স্বীকৃতি হিসেবে বিবেচনা করছে। তিনি বলেন, ওই প্রতিবেদন সম্পর্কে সংসদ কর্তৃক গৃহীত যেকোনো পদক্ষেপকে টিআইবি সর্বতোভাবে সহযোগিতা করতে প্রস্তুত আছে। সংসদকে কার্যকর করার জন্য প্রতিবেদনে উপস্থাপিত তথ্য, বিশ্লেষণ ও সুপারিশগুলো যথাযথ বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গত সোমবার জাতীয় সংসদ প্রসঙ্গে দেওয়া বক্তব্য সংবিধান পরিপন্থী উল্লেখ করে সরকার ও বিরোধী দলের সাংসদেরা টিআইবির সংশ্লিষ্ট ব্যক্তিদের সংসদে তলব (সমন) করার দাবি জানান। তাঁরা বলেন, এই বক্তব্য দিয়ে টিআইবি রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছে।