জাতীয় সংসদের শরৎকালীন অধিবেশন আগামীকাল বুধবার শেষ হবে। এর আগে আজ ৫ অক্টোবর এই অধিবেশন শেষ হওয়ার কথা থাকলেও পরে সময় এক দিন বাড়ানো হয়েছে।জানা গেছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০১০ পাস করার জন্য অধিবেশন এক দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিলটি সংসদে উপস্থাপন করা হয়। আজ মঙ্গলবার বিলটি সম্পর্কে স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি প্রতিবেদন দেবে। এ অধিবেশনেই বিলটি পাস হতে পারে।চলতি অধিবেশন শুরু হয় গত ২০ সেপ্টেম্বর। প্রধান বিরোধী দল বিএনপি এই অধিবেশনে যোগ দেয়নি। সর্বশেষ গত বাজেট অধিবেশনের প্রথম দিন ২ জুন তারা সংসদে যোগ দিয়েছিল।আওয়ামী লীগের সংসদীয় দলের সভা কাল: এদিকে, বুধবার সরকারি দল আওয়ামী লীগের সংসদীয় দলের জরুরি সভা ডাকা হয়েছে। সেদিন অধিবেশন শেষে সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে এ সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় উপস্থিত থাকার জন্য দলীয় সাংসদদের প্রতি অনুরোধ জানিয়েছেন হুইপ আ স ম ফিরোজ।এর আগে নবম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের শেষ দিন গত ২২ জুলাই আওয়ামী লীগের সংসদীয় দলের সর্বশেষ সভা হয়।