সংসদের শরৎকালীন অধিবেশন ২০ সেপ্টেম্বর শুরু
সংসদের শরৎকালীন অধিবেশন আগামী ২০ সেপ্টেম্বর শুরু হবে। ওই দিন বিকেল চারটায় অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গতকাল বৃহস্পতিবার নবম জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন আহ্বান করেন। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংসদের এ অধিবেশন বিরতি দিয়ে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলতে পারে। যাতে আগামী বছরের জানুয়ারিতে পরবর্তী অধিবেশন ডাকা যায়। আগামী অধিবেশন সংক্ষিপ্ত হলে সে ক্ষেত্রে মাঝখানে আরেকটি অধিবেশন ডাকতে হবে। সংবিধানের ৭২ নম্বর অনুচ্ছেদ অনুসারে এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশনে বসতে হবে।স্পিকার আবদুল হামিদ সংসদের অধিবেশন সম্পর্কে প্রথম আলোকে বলেন, সংসদের আসন্ন অধিবেশন সরকার ও বিরোধী দলের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করি। উল্লেখ্য, গত ২২ জুলাই পঞ্চম অধিবেশন শেষ হয়। ওই অধিবেশনের শুরুর দিন ২ জুন বিরোধী দল সংসদে যোগ দিলেও পরে আর যায়নি।