সংসদের ১০ শতাংশরা নির্বাচনে না গেলে প্রশ্ন উঠবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ১২টি দল নির্বাচনে অংশ নিচ্ছে। কোনো একটি দল, যাদের অবস্থান সংসদে ১০ শতাংশ, তারা নির্বাচনে না গেলে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে না। বিএনপির অনুপস্থিতিতে নির্বাচনের গ্রহণযোগ্যতা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

আজ রোববার বেলা তিনটার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে (ইসি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদের সঙ্গে দেখা করে আওয়ামী লীগের নির্বাচন কমিশন সমন্বয় উপকমিটি। ওই কমিটির  আহ্বায়ক মহীউদ্দীন খান আলমগীর। পরে মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের এসব কথা বলেন।

১৪৬ আসনের নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন আছে কি না, জানতে চাইলে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। নির্বাচনের সময় দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আওয়ামী লীগের নির্বাচন কমিশন সমন্বয় কমিটির বাকি সদস্যরা হলেন রিয়াজুল কবির কাওছার, ফজিলাতুন্নেসা বাপ্পী, কেয়া চৌধুরী প্রমুখ। নির্বাচন কমিশনে মহীউদ্দীন খান আলমগীরের সঙ্গে তাঁরাও ছিলেন।