সংসদের ১৫তম অধিবেশন আজ শুরু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম জাতীয় সংসদের ১৫তম অধিবেশন আজ বুধবার বিকেল চারটায় শুরু হচ্ছে। তবে প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের শরিকেরা এ অধিবেশনেও যোগ দিচ্ছে না।জাতীয় সংসদ সচিবালয় সূত্র জানায়, আগামী জানুয়ারিতে শীতকালীন অধিবেশন লম্বা সময় নিয়ে অনুষ্ঠিত হবে। সে জন্য এই অধিবেশন হবে সংক্ষিপ্ত।সংসদের এই অধিবেশন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদন নিয়ে উত্তপ্ত হতে পারে। গত ১৪ অক্টোবর টিআইবি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৪৯ জন সাংসদের মধ্যে ৯৭ শতাংশ নেতিবাচক কাজের সঙ্গে জড়িত। টিআইবির এই জরিপ প্রতিবেদনের পদ্ধতিগত দিক নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উত্থাপিত হয়েছে।এদিকে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, তাঁরা সংসদের এই অধিবেশনে যোগ দিচ্ছেন না। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, সংসদে বিরোধী দলকে কথা বলতে দেওয়া হয় না। গত চার বছরে স্পিকার বিরোধী দলের কোনো মুলতবি প্রস্তাব গ্রহণ করেননি।