নির্বাচন কমিশন চলতি সপ্তাহে দশম জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করবে। এ বিষয়ে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল বা জোটের তালিকা নির্বাচন কমিশনে জমা দেওয়ার সময় আজ রোববার শেষ হচ্ছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক প্রথম আলোকে বলেন, আইন অনুযায়ী ৩০ কার্যদিবসের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করতে হয়। সে হিসেবে চলতি সপ্তাহে তফসিল ঘোষণা করতে হবে।
নির্বাচনী আইন অনুযায়ী, সংসদে যে দল বা জোট যতটি আসন পাবে, তার আনুপাতিক হারে নারী আসন বণ্টন হবে। বর্তমানে ৩০০ আসনের সংসদে ৫০টি নারী আসন সংরক্ষিত আছে। অর্থাৎ প্রতি ছয়টি আসনের বিপরীতে একটি করে নারী আসন।
নির্বাচন কমিশন এখন পর্যন্ত ২৯৮টি আসনের ফল গেজেটে প্রকাশ করেছে। যশোর-১ ও ২ আসনের গেজেট প্রকাশ স্থগিত রয়েছে। এ ছাড়া টাঙ্গাইল-৮ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ শওকত মোমেন শাহজাহান সম্প্রতি মারা গেছেন। যে কারণে নারী আসনের ভোটার সংখ্যা ২৯৭ জন।
এবারের নির্বাচনে আওয়ামী লীগ ২৩১, জাতীয় পার্টি ৩৪, স্বতন্ত্র জোট ১৬, ওয়ার্কার্স পার্টি ছয়, জাসদ পাঁচ, জেপি দুটি, তরিকত ফেডারেশন দুটি ও বিএনএফ একটি আসন পেয়েছে। হিসাব অনুযায়ী আওয়ামী লীগ ৩৯, জাপা ছয়, স্বতন্ত্র জোট তিন এবং জাসদ ও ওয়ার্কার্স পার্টি একটি করে আসন পেতে পারে।
সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচনের ফলাফল গেজেটে প্রকাশের ৩০ কার্যদিবসের মধ্যে নারী আসনে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন রাজনৈতিক দল ও জোটের পৃথক তালিকা তৈরি করবে, যা ভোটার তালিকা হিসেবে পরিচিত হবে। আর নির্বাচনের ফল গেজেটে প্রকাশের ২১ কার্যদিবসের মধ্যে সংসদে রাজনৈতিক দল বা জোটে যোগদান অথবা জোট গঠনের বিষয়টি নির্বাচন কমিশনকে জানাতে হবে।
কমিশন সচিবালয় সূত্র জানায়, এখন পর্যন্ত কোনো দল বা স্বতন্ত্র সাংসদের পক্ষ থেকে কোনো দলে যোগদান বা জোট গঠনের বিষয়ে কমিশনকে জানানো হয়নি।
দশম সংসদের নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ হয়েছে ৮ জানুয়ারি। এ হিসাবে ২১ কার্যদিবসের সময়সীমা আজ শেষ হচ্ছে।