সংসার আর সাজানো হলো না সুমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতাল থেকে হঠাৎ খবর আসে ‘দুর্ঘটনার’। মুহূর্তে বদলে গেল পুরো বাড়ির পরিবেশ। মা-বাবা সবাই ছুটলেন হাসপাতালে। সেখানে গিয়ে মেলে সুমির মৃতদেহ। গত শনিবার রাতে প্রেসক্লাবের সামনে ঘাতক বাস সৈয়দা শামীম আরা ওরফে সুমি (১৮) নামের এই গৃহবধূর প্রাণ কেড়ে নেয়।সুমির মা গতকাল আর্তনাদ করে বলছিলেন, স্বপ্নের সংসার আর ওর সাজানো হলো না। নববধূ সুমিকে হারিয়ে স্বামী তওসিব আহমেদ পাগলপ্রায়। শনিবার রাতে ঘাতক বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে সুমি ছিটকে পড়ে মারা গেলেও তওসিব সামান্য আহত হন।গতকাল রোববার পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের তাঁতখানা লেনের বাসায় গিয়ে দেখা যায়, বিছানায় পড়ে তওসিব কাঁদছেন। তিনি প্রথম আলোকে বলেন, গতকাল সুমিকে নিয়ে তাঁর অসুস্থ চাচা সৈয়দ মহিউদ্দিনকে দেখতে গিয়েছিলেন। ফেরার পথে সুমি তাঁকে চটপটি খেতে বেইলি রোডে নিয়ে যেতে অনুরোধ করেন। প্রথমে তিনি যেতে যাননি, পরে সুমি শেষবারের মতো তাঁকে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। তওসিব বলেন, ‘এই যাওয়াই যে ওর শেষ যাওয়া হবে, সেটা বুঝতে পারিনি।’ গতকাল বিকেলে পুরান ঢাকার পশ্চিম ইসলামবাগের বাসায় গিয়ে দেখা যায়, সুনসান নীরবতা। ওয়ারড্রবে গোছানো রয়েছে তাঁর কাপড়চোপড় ও বিছানা, নেই শুধু সুমি। সুমির প্রতিবেশী জয়নব বেগম জানান, সন্ধ্যার পর বাসা থেকে বের হওয়ার সময় সুমি তাঁর মায়ের কাছে নতুন সংসারের জন্য খাট, ওয়াল শোকেস ও ওয়ারড্রব চান। কিছুটা পথ গিয়ে আবার ফিরে এসে জানান, তাঁকে ফ্রিজও দিতে হবে—‘স্বামীর বাড়িতে যাওয়ার সময় ফ্রিজ কিন্তু আমি নিয়ে যাব।’ মা তখন জানান, তাঁর চাহিদামতো সবই দেওয়া হবে।জয়নব বলেন, রাত সাড়ে নয়টা। বাসার সবাই সুমির জন্য অপেক্ষা করছিলেন। এরই মধ্যে হাসপাতাল থেকে খবর আসে, সুমি ও তাঁর স্বামী তওসিবকে বহনকারী মোটরসাইকেলটি ‘অ্যাকসিডেন্ট’ করেছে। গতকাল রোববার ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে সুমির লাশ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।২০০৬ সালে নাজিমউদ্দিন রোডের বাসিন্দা তওসিব আহমেদের সঙ্গে বিয়ে হয় সুমির। ২৮ মে আনুষ্ঠানিকভাবে সুমিকে তাঁর শ্বশুরবাড়িতে নেওয়ার কথা ছিল।