সংসার বাঁধা হলো না প্রবাসী রফিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছর পর কয়েক মাসের ছুটিতে গত সোমবার দেশে ফেরার কথা ছিল মালয়েশিয়া-প্রবাসী রফিকুল ইসলামের। ২ সেপ্টেম্বর এ নিয়ে মুঠোফোনে বাবা-মা, ভাই ও ভাবির সঙ্গে কথাও হয় তাঁর। ঠিক হয় দেশে ফিরে বিয়ে করবেন। কনে দেখার কাজও শেষ। কিন্তু কেউই বুঝতে পারেননি সে দিনই ছিল তাঁর সঙ্গে তাঁদের শেষ কথা। নির্ধারিত সময়ের এক দিন আগেই রোববার লাশ হয়ে দেশে ফেরেন তিনি।ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠাল বালিয়ারপাড় গ্রামের আফসর উদ্দিনের ছেলে রফিকুল। ছয় বছর ধরে মালয়েশিয়ায় একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। মুঠোফোনে ওই দিন গভীর রাত পর্যন্ত বাড়ির লোকজনের সঙ্গে কথা বলার পর ঘুমাতে যান তিনি। কিন্তু ঘুম থেকে আর জেগে ওঠেননি। পরদিন রফিকুলের সন্ধান না পেয়ে সহকর্মীরা তাঁর বাসায় যান। সেখানেই রফিকুলের মৃতদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। রফিকুলের পরিবার জানায়, গত রোববার হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে রফিকুলের লাশ গ্রহণ করেন বড় ভাই সাইদুল ইসলাম। গত সোমবার বাড়ির পাশে তাঁকে কবর দেওয়া হয়। দেশে এসে বিয়ে করে রফিকুলের আবার মালয়েশিয়া চলে যাওয়ার কথা ছিল। সে অনুযায়ী বিয়ের প্রস্তুতিও সব সম্পন্ন হয়। প্রবাসে হবু স্ত্রীর জন্য তিনি স্বর্ণালংকার ও নানা প্রসাধনসামগ্রীও কিনে রেখেছিলেন। বাবা আফসর উদ্দিন বলেন, ‘এত দিন পর ছেলেকে দেখব। ছেলের বউ দেখব। কিন্তু তা আর হলো না। পেলাম ছেলের লাশ।’ এ কথা বলেই হাউমাউ করে কেঁদে ওঠেন তিনি।