সংসার-ব্যবসা দুটোই সামলান রাফিজা
নারায়ণগঞ্জের মেয়ে রাফিজা সুলতানা। ছোটবেলা থেকে কাপড়ে নানা রকমের কারুকাজ করতে পছন্দ করেন। শখ থেকেই বিভিন্ন অনুষ্ঠানে পাঞ্জাবিতে কারুকাজ করে উপহার দিতেন স্বামীকে। এমন নিখুঁত কারুকাজ দেখে সবাই অনুপ্রেরণা দেয়—কাজটা ব্যাপক পরিসরে যেন করা হয়। পরিবারের মানুষজন আর বন্ধুবান্ধবের অনুপ্রেরণায় নিজের নামেই খুলে ফেলেন রাফিজা’স ক্লোজেট নামে একটি ফেসবুক পেজ। এখন তিনি সংসার সামলান, সঙ্গে ব্যবসাও।
রাফিজা জানালেন, ২০১৯ সালের পয়লা বৈশাখে রাফিজা’স ক্লোজেট থেকে প্রথম পাঞ্জাবির সমারোহ বাজারে আনেন। শুরুতে ক্রেতাদের কাছে পৌঁছাতে বেগ পেতে হলেও এখন ‘রাফিজা’স ক্লোজেট অনলাইন কেনাকাটায় ফ্যাশন সচেতন মানুষের অন্যতম পছন্দ। দেশীয় ঐতিহ্যের মিশেলে সেরা কালেকশনের সম্ভারই তাঁর প্রতিষ্ঠানকে করেছে অভিনব। আকর্ষণীয় সব ডিজাইনের পোশাকের কারণে খুব দ্রুতই সবার নজরে এসেছে রাফিজাস ক্লোজেট।
বৈশাখ, ঈদ, বিয়ের অনুষ্ঠানের পোশাকসহ যেকোনো উৎসব আয়োজনে পরার উপযোগী পোশাকের এক বড় কালেকশন আছে রাফিজা’স ক্লোজেটে। রাফিজা জানালেন, এখন এটি একটি ডিজাইনার ব্র্যান্ডের পরিচিতি পেয়েছে। সাধ্যের মধ্যে নিজের সুন্দর পোশাকটি বেছে নিতে রাফিজা’স ক্লোজেট এখন অনেকেরই ভরসাস্থল।
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার মেয়ে রাফিজা এক সন্তানের জননী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়ছেন। পড়াশোনা, স্বামী–সংসার সব একসঙ্গে সামলাতে সমস্যা হয় কি না—জানতে চাইলে তিনি বলেন, পরিবারের সবার সহযোগিতায় ব্যবসাটা বেশ ভালোই সামলাচ্ছেন তিনি। এটিও এখন তাঁর জীবনের একটি অংশ।
নিজের প্রতিষ্ঠানের বিশেষত্ব কী, এমন প্রশ্নের জবাবে রাফিজা বলেন, সব বয়সী পুরুষ ও নারীদের আরামদায়ক ও কারুকাজপূর্ণ পোশাক তৈরিই রাফিজা’স ক্লোজেটের মূল লক্ষ্য। তাঁর প্রতিষ্ঠানটি একটি ডিজাইনের মাত্র ছয়টি পোশাক বিক্রি করে। তাই ডিজাইনগুলোতেও ভিন্নতা থাকে।
এই উদ্যোগের স্বীকৃতি হিসেবে নানা পুরস্কার জমা পড়েছে রাফিজার ঝুলিতে। রাফিজা জানান, তিনি একজন মেকআপ আর্টিস্টও। রাফিজা’স ক্লোজেটের জন্য ‘ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন জুনিয়র উদ্যোক্তা ২০২০’ অ্যাওয়ার্ড পেয়েছেন। ‘MAMBAB Mua ২০২১’–এ দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়েছিলেন তিনি। এই উদ্যোগের জন্য ‘ম্যাজেস্টিক অ্যাফেয়ার ২০২১’ পুরস্কারও পেয়েছেন।
এ ছাড়া প্রতিশ্রুতিবদ্ধ নারী উদ্যোক্তা হিসেবে মিররের আয়োজনে ‘বাংলাদেশ মহিলা অনুপ্রেরণামূলক পুরস্কার ২০২২’ লাভ করেন রাফিজা।
রাফিজা জানান, সফল নারী উদ্যোক্তা হয়ে ওঠার পেছনে পরিবারের সদস্যদের অবদান রয়েছে। রাফিজা’স ক্লোজেট এখন সেসব নারীর জন্য দৃষ্টান্ত, যাঁরা স্বপ্ন দেখেন স্বনির্ভর হওয়ার। ভবিষ্যতে তিনি আত্মসম্মান ও পরিশ্রমের সঙ্গে কাজ করে যেতে চান।