
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চালা গ্রামের দিনমজুর ইসমাইল হোসেনের আয়ে সংসার চলত না। বাধ্য হয়ে ছেলে ফিরোজ হোসেন প্রথমে বাবার সঙ্গে দিনমজুরি ও পরে গৃহশিক্ষকতা শুরু করে। এভাবে সংসারের হাল ধরে লেখাপড়া চালিয়ে ফিরোজ এবার উল্লাপাড়া মার্চেন্ট উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে।
ফিরোজ জানায়, সে যখন খুব ছোট, তখন চিকিৎসার অভাবে তার দাদি মারা যান। এ কারণে সে ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায়।
দুবেলা ঠিকমতো খাবার খেতে পারেনি মানিক ইসলাম। সংসারে অভাব থাকায় বাড়ির পাশে হাসান জুটমিল নামের একটি পাটকলে শ্রমিকের কাজ করতে হয়েছে। এভাবে অভাবের সঙ্গে লড়াই করে বগুড়া সদর উপজেলার ফাঁপোর পল্লীমঙ্গল উচ্চবিদ্যালয় থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে সে। ফলাফল প্রকাশের দিনও সে পাটকলে কাজ করছিল। একজন শিক্ষক সেখানে গিয়ে তাকে ফল জানান। সদর উপজেলার ইসলামপুর হরিগাড়ি গ্রামের মানিক ইসলামের বাবা মহসিন আলী বাড়ির পাশেই বাইসাইকেল মেরামতের কাজ করেন।
মেহেদুল কবিরের বাবা দিনমজুর। তারা চার ভাইবোন। একজনের আয়ের টাকায় সংসার চলে না। সংসারে অভাব থাকায় বিদ্যালয়ে যাওয়ার আগে ও ছুটির পরে দিনমজুরি এবং রাতে বাড়ি ফিরে লেখাপড়া করেছে। এভাবে সে এবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সুজাপুর উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞানে জিপিএ-৫ পেয়েছে। উপজেলার জাফরপুর (ঘুঘুজান) গ্রামে মেহেদুলদের বাড়িতে গিয়ে দেখা যায়, তাদের দুটি মাটির ঘরের মধ্যে একটি ঘর বর্ষায় ভেঙে পড়েছে। অপর একটি ঘরে কষ্ট করে তারা থাকে।
[প্রতিবেদন পাঠিয়েছেন এনামুল হক, সিরাজগঞ্জ; মিলন রহমান, বগুড়া ও সাদেকুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর)]