জ্বালানি তেলের দাম বাড়ায় খুলনা বিভাগের মানুষের জীবনযাত্রায়ও নেতিবাচক প্রভাব পড়েছে। তেলের দাম বাড়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। এতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, কৃষক, ব্যবসায়ীসহ সব শ্রেণী ও পেশার মানুষ সংসারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছে।খুলনা শহরের মুসলমানপাড়া এলাকার গৃহবধূ রহিমা বেগম বলেন, ‘বাজার করতে গেলেই জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব টের পাচ্ছি। তেল, চিনি, ডাল, মাছ, তরিতরকারিসহ সবকিছুরই দাম বেড়েছে। ২০ দিনেই বেতনের টাকা শেষ হয়ে যাচ্ছে। কী করব বুঝতে পারছি না।’খুলনা শহরের কয়েকজন গৃহবধূ জানান, কয়েক দিন আগে যে কাপড় ৩২ টাকা গজ ছিল, এখন তা ৫৩ টাকা। প্রসাধন সামগ্রীরও দাম বেড়েছে। প্রাইভেট শিক্ষকেরা আগে ব্যাচে (একসঙ্গে কয়েকজন) ছাত্রপ্রতি ৩০০ টাকা করে নিতেন। এখন নিচ্ছেন ৪০০ টাকা। জ্বালানি কাঠের দাম মণপ্রতি ২০ টাকা করে বেড়েছে।বটিয়াঘাটা কলেজের শিক্ষক অচিন্ত বিশ্বাস বলেন, দাম তো আগেই বেশি ছিল। বিদেশে দাম কমলে আমাদেরও কমানোর কথা বলেছিল সরকার। কিন্তু সরকার তা কখনোই কমায়নি।তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের ভাড়া ও খাদ্যসামগ্রীর দাম বাড়ায় সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে শ্রমিক ও খেটে খাওয়া মানুষের।কয়রা উপজেলার দিনমজুর ছমির আলী বলেন, ‘কাজকামের জন্যি খুলনে (খুলনা) আসা-যাওয়া করাও দুষ্কর হয়ে পড়িছে। খুলনেত্তে কয়রা পর্যন্ত ভাড়া ছেলো ৮০ টাহা। একন তা হয়েছে ১১০ টাহা। তেলের দাম বাড়ায় আমরা একন লম্পোও (কুপিবাতি) কোম জ্বালাতিছি।’ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের কৃষক আবুল হোসেন বলেন, ‘৪৪ টাকার ডিজেলের দাম এক বছরে কয়েক দফা বাড়িয়ে এখন ৬১ টাকা করা হয়েছে। এক বিঘেয় সেচ দিয়ে ধান কত্তি সারা মৌসুমি গড়ে ১০০ লিটার তেল লাগে। বছরে আমার এক হাজার ৭০০ টাকা বেশি খরচ হবে। এ ছাড়া এখন ধানের যা দাম হয়ছে, তাতে এক মণে দুজন কিষেনের দাম হয় না। তাই ধান লাগায়ে বিপদে পড়তি চাইনে।’কয়রার কৃষক আবদুল খালেক বলেন, ‘গত বছর ট্রাক্টর দিয়ে ৩০০ টাকা একরে জমি চষা যাতো। এ বছর হঠাৎ তেলের দাম বাড়ায় তা ৪০০ টাকা নেচ্ছে।’জ্বালানি তেলের খুচরা বিক্রেতা আবদুল মজিদ মোল্লা বলেন, ‘একদিকি ধানের দাম কম, অন্যদিকি তেলের দাম বেশি। পর পর তিনবার তেলের দাম বাড়ায় কৃষক খুব বিপদে পড়িছে। এখন ধান রোয়ার সময়। একদিকি তেলের দাম, তারপর খাওয়া দিয়ে কিষেনের মজুরি ৩৫০ থেকে ৪০০ টাকা পড়তিছে। বাধ্য হয়ে কৃষকগে কাছে বাকি-জুকি দিতি বাধ্য হচ্ছি।’জ্বালানি তেলের দাম বাড়ায় বাস, অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনেও ভাড়া বেড়েছে। খুলনার বাসা থেকে বাসে করে প্রতিদিন ডুমুরিয়া উপজেলায় যান এস এম মুজিবর রহমান। তিনি বলেন, খুলনা থেকে ডুমুরিয়ায় যেতে ১০ টাকা ভাড়া নিত। এখন ১৫ টাকা দিতে হচ্ছে।খুলনা থেকে ঢাকাগামী একটি বাসের যাত্রী দীপক রায় মঙ্গলবার সকালে খুলনা বাস টার্মিনালে দাঁড়িয়ে বলেন, আগে ঢাকা থেকে খুলনা যেতে ৪৫০ টাকা ভাড়া নেওয়া হতো। আজ ভাড়া নিয়েছে ৫০০ টাকা।খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ আবদুল আজিজ বলেন, ‘ভাড়া বাড়ার ফলে আমাদের বাধ্য হয়ে যাত্রীদের সঙ্গে প্রতিনিয়ত ঝগড়া-বিবাদ করে টাকা তুলতে হচ্ছে। কিন্তু মালিকেরা শ্রমিকদের বেতন বাড়াচ্ছে না। মন্ত্রী ভাড়া বাড়িয়ে মালিকদের স্বার্থ দেখলেও আমাদের স্বার্থ দেখল না।’ খুলনা অঞ্চলে কাঁচা তরিতরকারির বড় মোকাম চুকনগর। চুকনগরের সবজি ব্যবসায়ী মিনারুল ইসলাম বলেন, চুকনগর থেকে খুলনা পর্যন্ত ছোট ট্রাকের ভাড়া আগে ছিল ৯০০ টাকা। এখন তা বেড়ে এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ টাকা হয়েছে। আগে বড় ট্রাকের ভাড়া এক হাজার ৬০০ টাকা ছিল। এখন তা বেড়ে দুই হাজার থেকে দুই হাজার ১০০ টাকা হয়েছে।খুলনা শহরের জোড়াগেট এলাকার সবজি বিক্রেতা আনোয়ার আলী বলেন, ‘এখন শীত মৌসুমে সবজির দাম কম থাকার কথা। কিন্তু হাটেত্তে কিনে ট্রাকে বা নছিমনে আনতি ভাড়া বেশি দিতি হচ্ছে বলে দাম বেশি পড়ে যাচ্ছে। আগে শিম প্রতি কেজি ১৬ টাকায় বেচতি পারলেও এখন ২০ টাকায় বেচতি হচ্ছে।’খুলনা বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শ্যামল হালদার বলেন, জ্বালানি তেলে দামের সঙ্গে সবকিছুর দামই বেড়েছে। কিন্তু মানুষের তো আয় বাড়েনি। তাই মানুষের কষ্টও বেড়েছে।