সংস্কার এখনো শেষ হয়নি রাস্তা ভরে গেছে খানাখন্দে
৫০ লাখ টাকা ব্যয়ে সংস্কারের পর কাজ বুঝিয়ে দেওয়ার আগেই নাটোরের সিংড়া উপজেলার জামতৈল-বামিহাল সড়ক যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কটি আবার অসংখ্য খানাখন্দে ভরে গেছে।নাটোর স্থানীয় সরকার ও প্রকৌশল কার্যালয় সূত্রে জানা যায়, ৫০ লাখ ৬৬ হাজার টাকা ব্যয়ে গত জানুয়ারি মাসে ওই সড়কের সংস্কারকাজ শুরু হয়। সড়কের প্রথম পাঁচ কিলোমিটার সংস্কারের দায়িত্ব পায় সিংড়ার মেসার্স মল্লিক এন্টারপ্রাইজ এবং পরের পাঁচ কিলোমিটারের দায়িত্ব পায় নাটোরের এম কনস্ট্রাকশন। প্রথম পাঁচ কিলোমিটার গত ৭ মে এবং শেষের পাঁচ কিলোমিটার ৫ মের মধ্যে সংস্কার করার কথা ছিল। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদারেরা গতকাল সোমবার (৩০ আগস্ট) পর্যন্ত স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের কাছে কাজ বুঝিয়ে দেয়নি।সংস্কারকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে ইতিমধ্যেই সড়কটি যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা গেছে, সড়কটির অনেক স্থানের কারপেটিং উঠে অসংখ্য খানাখন্দে ভরে গেছে।জামতৈল বাজারের মনির হোসেন বলেন, ‘চরম অযত্নে সড়কের নামমাত্র সংস্কার করা হয়েছে। আমরা সংস্কারকাজ চলাকালে বহুবার ঠিকাদার ও প্রকৌশলীদের কাছে অভিযোগ করেছি।’ বামিহালের আকবর আলী বলেন, ‘এই সড়ক হয়ে বগুড়া, শেরপুর ও ঢাকায় যাতায়াত করা হয়। এ কারণে যানবাহনের চাপ থাকে বেশি। অথচ সংস্কারে চরম কারসাজি করা হয়েছে। আমরা এই অনিয়মের বিচার চাই।’ভটভটিচালক আবদুল মজিদ বলেন, ‘মেরামতের পরপরই আবার গর্ত বের হয়েছে। কোনো গাড়িই এই রাস্তায় স্বাভাবিক গতিতে চলতে পারে না। এই সুযোগে ছিনতাইকারীরা রাস্তার বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে যাত্রীদের সর্বস্ব কেড়ে নেয়।’ঠিকাদারি প্রতিষ্ঠান এম কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী ও জেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম বলেন, ‘আমরা কাজ ভালোভাবেই করেছি। কিন্তু ওই রাস্তায় এত বেশি যানবাহন চলাচল করে যে, অত্যধিক চাপে রাস্তা নষ্ট হয়ে গেছে।’ একই দাবি করেছেন অপর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মল্লিক ট্রেডার্সের স্বত্বাধিকারী তারিকুজ্জামান।নাটোর স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী লোকমান হোসেন বলেন, ‘সড়কটি সংস্কারে ঠিকাদারি প্রতিষ্ঠানের কিছু ত্রুটি রয়েছে। চিঠি দিয়ে তা জানিয়ে দেওয়া হয়েছে। তাদের কাজের সব টাকা পরিশোধ করা হয়নি। বিভাগীয় একটি তদন্তদল সড়কটি পরিদর্শনে গেছে। তদন্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।’