সংস্কার করা সড়ক আবার সংস্কার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংস্কার করা সড়ক আবারও সংস্কার করা হচ্ছে। ছবিটি গতকাল ভদ্রা এলাকা থেকে তোলা l প্রথম আলো
সংস্কার করা সড়ক আবারও সংস্কার করা হচ্ছে। ছবিটি গতকাল ভদ্রা এলাকা থেকে তোলা l প্রথম আলো

রাজশাহী নগরে সংস্কার করা একটি সড়ক আবারও সংস্কার করা হচ্ছে।
অভিযোগ রয়েছে, সমঝোতার মাধ্যমে কাজ নিয়ে গত জুলাই মাসের শেষের দিকে রাজশাহী সিটি করপোরেশনের ১৭ জন কাউন্সিলর ওই সড়কের (তালাইমারী-রেলগেট সড়ক) সংস্কারকাজ করেন। এক মাসের মধ্যেই ওই রাস্তার কার্পেটিং উঠে যেতে শুরু করে।
গত ৩০ আগস্ট প্রথম আলোর মহানগর পাতায় ‘সমঝোতায় কাজ এক মাসেই ধ্বংস’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৮ সেপ্টেম্বর এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ একটি তদন্ত কমিটি গঠন করে। প্রথম আলোতে প্রকাশিত খবরের উদ্ধৃতি দিয়ে তদন্ত কমিটির সদস্যদের তদন্ত করতে বলা হয়। যুগ্ম সচিব পরিমল কুমার দেবকে আহ্বায়ক করে চার সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করা হয়। সদস্যসচিব করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব সরোজ কুমার নাথকে। কমিটির অন্য সদস্যরা হলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। কমিটি গঠনের ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্যমতে, এ বিষয়ে তদন্ত হবে জেনে সংস্কার করা সড়ক আবারও সংস্কার করা শুরু হয়েছে। সূত্র জানায়, গত শনিবার থেকে ওই সড়কের নষ্ট হওয়া জায়গাগুলো পুনরায় সংস্কারের জন্য নতুন কার্পেটিং তুলে ফেলা হচ্ছে। শনিবার তালাইমারী এলাকায় কার্পেটিং তুলে ফেলা হয়। রোববার ভদ্রা এলাকায় ওঠানো হয়েছে।

গতকাল সোমবার দুপুরে ভদ্রা এলাকায় গিয়ে দেখা যায়, নতুন করে আবার কার্পেটিং করার প্রস্তুতি চলছে। কর্মচারীরা বলেন, মঙ্গলবার (আজ) সেখানে নতুন করে কার্পেটিং করা হবে।

তদন্তের খবর শুনে আবার সড়কের সংস্কারকাজ করা হচ্ছে কি না, এ প্রশ্নের জবাবে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, তদন্তের আগেই সংস্কারের সিদ্ধান্ত হয়েছে। ওই ঠিকাদারের কাজ শেষ হয়নি। বিলও শোধ করা হয়নি। তারাই আবার ওই রাস্তা ঠিক করে দেবে। তারা সেটাই করছে। তিনি বলেন, এতে তদন্তের কোনো সমস্যা হবে না। তদন্ত নিজস্ব নিয়মে চলবে।