সংস্কার করেই আইএমএফের ঋণ পেতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কিছু সংস্কার কার্যক্রম সম্পন্ন করা সাপেক্ষে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে সরকারের ঋণ গ্রহণের বিষয়টি নিশ্চিত হতে পারে।এ জন্য সংস্থাটি দেশের রাজস্ব ব্যবস্থাপনায় যে চাপ তৈরি হয়েছে তা কমানোর পরামর্শ দিয়েছে। তারা বলেছে, এই চাপ এসেছে মূলত অতিরিক্ত জ্বালানি তেল আমদানি ও ভর্তুকি ব্যয়ের কারণে।আইএমএফ একই সঙ্গে দ্রুত নতুন ভ্যাট আইন প্রণয়নেরও তাগিদ দিয়েছে। এসব ক্ষেত্রে অগ্রগতি সাপেক্ষে বাংলাদেশ আইএমএফের কাছ থেকে যে ১০০ কোটি ডলারের ঋণ-সহায়তা পেতে চায়, তার চুক্তি হতে পারে বলেও সংস্থাটি মত প্রকাশ করেছে।আইএমএফের দক্ষিণ এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপপ্রধান ডেভিড কাউয়েনের নেতৃত্বে একটি মিশন ৭ থেকে ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশে অবস্থান করে। গতকাল সংস্থাটির ওয়েবসাইটে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, সরকার আইএমএফের কাছ থেকে বর্ধিত ঋণ-সুবিধার (ইসিএফ) আওতায় ১০০ কোটি ডলার পেতে চেষ্টা চালাচ্ছে।মিশন দেশে অবস্থানকালে সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থসচিব মোহাম্মদ তারেক ও সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অর্থনীতির বিভিন্ন পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণের বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে মিশনের গঠনমূলক আলোচনা হয়েছে। এসব আলোচনায় সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা এবং সহায়ক কাঠামোগত সংস্কার কার্যক্রম নেওয়ার মাধ্যমে অর্থনীতির ভেতর-বাইরে যে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে, তা কাটানো যাবে বলে মনে করা হচ্ছে। আইএমএফ মনে করে, বাংলাদেশ আরও বেশি বাজারভিত্তিক বিনিময় ও সুদহারের দিকে অগ্রসর হবে। এতে বৈদেশিক খাতে চাপ কমে আসবে। মুদ্রানীতিতে প্রয়োজনীয় সংকোচন আনা হবে।আইএমএফের সঙ্গে আলোচনায় রাজস্বনীতিতে যথাযথ পদক্ষেপ নেওয়া, ধারাবাহিক ও সুষ্ঠু ঋণ ব্যবস্থাপনার কৌশল নির্ধারণ, করনীতিতে গুরুত্বপূর্ণ সংস্কার, সরকারি ব্যয় ব্যবস্থাপনা, ব্যাংক ও আর্থিক খাত এবং বাণিজ্য ও বিনিয়োগে যথাযথ নীতি গ্রহণের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।