সংস্কারকাজে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট। ছবিটি আজ রোববার সকাল নয়টায় দাউদকান্দির বিশ্বরোড এলাকা থেকে তোলা। ছবি: প্রথম আলো
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট। ছবিটি আজ রোববার সকাল নয়টায় দাউদকান্দির বিশ্বরোড এলাকা থেকে তোলা। ছবি: প্রথম আলো

সংস্কারকাজের জন্য নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন দিন ধরে যানজট লক্ষ করা যাচ্ছে। যানজটে আটকে ভোগান্তি পোহাচ্ছে যাত্রীরা।

গত বৃহস্পতিবার রাত আটটা থেকে এই যানজট সৃষ্টি হয়। আজ রোববার সকালে এই যানজট কুমিল্লার দাউদকান্দি উপজেলার রাজারহাট পর্যন্ত বিস্তৃত হয়েছে।

মহাসড়কের চার লেনের মধ্যে বাঁ পাশের দুই লেনের সংস্কারকাজ চলছে। বাকি দুই লেন আসা-যাওয়ার জন্য খোলা রাখা হয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপে দুই লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্র ও শনিবার দুদিন ছুটির পর আজ সকালে অনেকে নিজ এলাকা থেকে কর্মস্থলে যোগ দেওয়ার জন্য বের হন। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা তাঁদের মহাসড়কে আটকে থাকতে হয়। এ অবস্থায় অনেককে যানবাহন থেকে নেমে হাঁটা শুরু করেন।

যানজটের কারণে উপজেলাভিত্তিক এক প্রতিযোগিতামূলক পরীক্ষা পৌনে দুই ঘণ্টা দেরিতে শুরু করা হয়েছে বলে জানা গেছে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল হাসান বলেন, বৃহস্পতিবার রাত আটটায় সৃষ্টি হওয়া যানজটটি কখনো কমছে, কখনো বাড়ছে।

নোয়াখালী, লাকসাম, কক্সবাজার, চট্টগ্রামসহ বিভিন্ন গন্তব্য থেকে ঢাকাগামী একাধিক যানবাহনের চালক প্রথম আলোকে বলেন, দাউদকান্দির রাজারহাট এলাকায় এসে তাঁরা একটানা তিন ঘণ্টা যানজটে আটকে আছেন।

গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক নাছিমা আক্তার ও কুমিল্লার তিতাস উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার জানান, তাঁদের সন্তানেরা উপজেলাভিত্তিক প্রতিযোগিতামূলক সৃজনশীল মেধা অন্বেষণ পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষার কেন্দ্র দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চবিদ্যালয়। সন্তানদের নিয়ে দীর্ঘক্ষণ যানজটে আটকে থেকে শেষ পর্যন্ত হাঁটা শুরু করেন।

পারভীন আক্তার জানান, প্রায় চার কিলোমিটার পথ হেঁটে গন্তব্যে পৌঁছান। তাঁর মতো অনেকেই এভাবে হেঁটে গন্তব্যে পৌঁছেছেন।

উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, সৃজনশীল মেধা অন্বেষণ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল সকাল নয়টায়। তবে তীব্র যানজটের কারণে বেশির ভাগ শিক্ষার্থী নির্ধারিত সময়ে না পৌঁছানোর কারণে পরীক্ষা দেরিতে শুরু করা হয়। বেলা পৌনে ১১টায় পরীক্ষা শুরু হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, যানবাহন চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।